আওয়ামী লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম গ্রেপ্তার
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ ও পুলিশের স্পর্শকাতর তথ্য পাচারের অভিযোগে চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ), কাউন্টার টেররিজম ইউনিট ও পাঁচলাইশ থানা পুলিশের সদস্যরা।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে পাঁচলাইশ থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলাটি করেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন শনিবার পাওয়া গেছে। মামলা হওয়ার পরপরই পুলিশ ও এসআরইউর একটি দল তাকে অফিসার্স মেস থেকে গ্রেপ্তার করে।
এর আগে গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ার পর চট্টগ্রাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আব্দুল কুদ্দুস চৌধুরী এসপি জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেন। ওই দিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকায় পুলিশের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়।
এ ঘটনায় বিভাগীয় তদন্ত করছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলাম।
চট্টগ্রাম রেঞ্জ অফিস সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে গত মঙ্গলবার জাহাঙ্গীর আলমকে তলব করেন রেঞ্জ ডিআইজি।
মামলাটি পুলিশের বিশেষ ইউনিট এসআরইউ অথবা কাউন্টার টেররিজম ইউনিট তদন্ত করবে।
জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশে যোগ দেন।
এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন