শ্রম অসন্তোষে আশুলিয়া-সাভার ও গাজীপুরের ১৪৭ পোশাক কারখানা বন্ধের সিদ্ধান্ত
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক অসন্তোষ ও কারখানার নিরাপত্তাহীনতার কারণে আজ রোববার (১৫ নভেম্বর) থেকে আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার পোশাক কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন মালিকেরা। শ্রমিকেরা কাজে না ফিরলে এবং কারখানার সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী এসব কারখানা বন্ধ রাখা হবে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর প্রধান কার্যালয়ে জরুরি মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
সভায় বিজিএমইএ ও বিকেএমইএর সদস্যভুক্ত প্রায় ২০০টি কারখানার মালিক অংশ নেন। অধিকাংশ মালিকই কারখানার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন বলে মত দেন।
সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি বলেন, কারখানাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হলে মজুরি বোর্ডে আলোচনা করার যৌক্তিকতা প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট অঞ্চলের কারখানাগুলো সচল রাখা সম্ভব হচ্ছে না। তাই শ্রম অসন্তোষের কারণে উৎপাদন কার্যক্রম ব্যাহত হওয়া কারখানাগুলো ১৫ নভেম্বর থেকে বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন মালিকেরা।
তিনি আরও বলেন, আশুলিয়া, সাভার ও গাজীপুরের আংশিক এলাকার এসব পোশাক কারখানা জাতীয় অর্থনীতি ও রপ্তানিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ শিল্প রক্ষা এবং এর সঙ্গে জড়িত লাখো মানুষের কর্মসংস্থান টিকিয়ে রাখা সবার দায়িত্ব।
বিজিএমইএ সভাপতি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত এসব অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংকট উত্তরণে মালিক, শ্রমিক, সরকার, সুশীল সমাজ ও গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কারখানা বন্ধের বিষয়ে তিনি স্পষ্ট করে বলেন, বিজিএমইএ বা বিকেএমইএ কোনো কারখানা বন্ধের নির্দেশ দেয়নি। সংশ্লিষ্ট কারখানাগুলো বিশৃঙ্খল পরিস্থিতিতে উৎপাদন চালাতে না পারায় নিজেরাই বন্ধ করতে বাধ্য হচ্ছে।
তিনি জানান, বিজিএমইএ ও সরকারের অনুরোধে গত ১২ থেকে ১৪ দিন অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও কারখানাগুলো চালু রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তবে পরিস্থিতির অবনতি হওয়ায় উৎপাদন অব্যাহত রাখা সম্ভব হচ্ছে না।
কারখানা বন্ধের পরিসংখ্যান তুলে ধরে মাহমুদ হাসান খান বাবু বলেন, এ পর্যন্ত শ্রম আইনের ১৩(১) ধারায় ৫৫টি কারখানা বন্ধ রয়েছে। এ ছাড়া শনিবার ৯২টি কারখানা চেষ্টা করেও উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে পারেনি। এসব কারখানার মালিক চাইলে ১৫ নভেম্বর থেকে একই ধারায় বন্ধ ঘোষণা করতে পারবেন।
সব মিলিয়ে ১৪৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হয়েছে। বিজিএমইএর হিসাবে, প্রতিটি কারখানায় গড়ে প্রায় ২ হাজার শ্রমিক কাজ করেন। সে হিসাবে এসব কারখানায় প্রায় ৩ লাখ শ্রমিক কর্মরত রয়েছেন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন