খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

ভারতীয় ভিসায় নতুন নিয়ম, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভারতীয় ভিসায় নতুন নিয়ম, পর্যটকদের জন্য বিশেষ সুবিধা

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

ভারতের ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে দেশটির সরকার। দীর্ঘদিনের জটিল আবেদন প্রক্রিয়া সহজ করা এবং আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে ভিসার ক্যাটাগরি ও উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে। নতুন নিয়মে আগের ১৩টি প্রধান ভিসা ক্যাটাগরি কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে ৪৯টি উপশ্রেণি কমিয়ে আনা হয়েছে ২৩টিতে। ফলে ভিসা আবেদনকারীদের প্রয়োজনীয় তথ্য দেওয়ার ঝামেলা কমবে এবং আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করছে ভারত সরকার।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভিসা আবেদনের ফরমেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদন ফরম থেকে প্রয়োজনীয় তথ্যের ঘর বা কলাম ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। এতে আবেদনকারীদের অপ্রয়োজনীয় তথ্য সরবরাহের বাধ্যবাধকতা কমবে।

যে ৯ ক্যাটাগরিতে দেওয়া হবে ভিসা

নতুন কাঠামো অনুযায়ী, এখন থেকে নয়টি প্রধান ক্যাটাগরিতে ভিসা দেবে ভারত। এগুলো হলো—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ ভিসা।

নতুন ব্যবস্থায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে পর্যটক ভিসায়। আগে যা ‘ট্যুরিস্ট ভিসা’ নামে পরিচিত ছিল, এখন সেটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘ভিজিটর ভিসা’। শুধু পর্যটন নয়, স্বল্পমেয়াদি ব্যবসায়িক বৈঠক, চিকিৎসকের পরামর্শ, ওয়েলনেস কার্যক্রম এবং ভারতীয় ভাষা, সংগীত, শিল্পকলা ও কারুশিল্পের স্বল্পমেয়াদি কোর্সেও অংশ নেওয়া যাবে এই ভিসায়।

ভিজিটর ভিসাকে আবার ভি-১ ও ভি-২ এই দুই ভাগে ভাগ করা হয়েছে। ভি-১ ভিসার মেয়াদ হবে ৩০ দিন। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে। অন্যদিকে, আবেদনকারীর যোগ্যতা ও প্রয়োজন অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি পর্যটন ও পর্বতারোহণের ক্ষেত্রেও এই ভিসা ব্যবহার করা যাবে।

চিকিৎসা ও শিক্ষার্থী ভিসায় নতুন সুবিধা

চিকিৎসাসেবা নিতে ভারতে যাওয়া বিদেশিদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য এম-১ এবং আয়ুশ পদ্ধতির চিকিৎসার জন্য এম-৩ ভিসা দেওয়া হবে। উভয় ভিসার মেয়াদ সাধারণত এক বছর এবং এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

রোগীদের সঙ্গে যাওয়া স্বজন বা সহকারীদের জন্যও থাকছে আলাদা ব্যবস্থা। সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এম-২ এবং আয়ুশ চিকিৎসার ক্ষেত্রে এম-৪ ভিসা দেওয়া হবে। এতে রোগী ও তাঁদের সহকারীদের বারবার নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজন কমবে।

শিক্ষার্থীদের জন্যও ভিসার ধরন নির্দিষ্ট করা হয়েছে। স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য এস-১ এবং পিএইচডি, গবেষণা, ভিজিটিং শিক্ষক ও ইন্টার্নশিপের জন্য এস-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা ই-এস১ ভিসা পাবেন। এই ভিসার মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর অথবা সংশ্লিষ্ট কোর্সের মেয়াদ পর্যন্ত হতে পারে। এতে একাধিকবার ভারতে প্রবেশের সুযোগ থাকবে।

ব্যবসায়িক ভিসাতেও আসছে পরিবর্তন

নতুন নিয়মে ব্যবসায়িক ভিসাকে বি-১ ও বি-২ দুটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ ও ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে বি-১ ভিসা।

অন্যদিকে, স্বল্পমেয়াদি ব্যবসায়িক চুক্তি, সম্মেলন, খেলাধুলা, মঞ্চ পরিবেশনা এবং চলচ্চিত্রসংশ্লিষ্ট কাজে বি-২ ভিসা দেওয়া হবে।

এ ছাড়া ভারতীয় কোম্পানিতে যন্ত্রপাতি স্থাপন, রক্ষণাবেক্ষণ, উৎপাদন কার্যক্রম এবং তথ্যপ্রযুক্তি সহায়তা দিতে যাওয়া বিদেশি কারিগরি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। ই-ভিসার মাধ্যমে বি-২ শ্রেণির আওতায় ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’ পাওয়ার সুযোগ থাকবে।

কবে থেকে কার্যকর হচ্ছে নতুন নিয়ম?

নতুন ভিসা কাঠামোয় কূটনীতিক, সাংবাদিক, জাতিসংঘের কর্মকর্তা এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্যও নির্দিষ্ট নিয়ম অনুযায়ী ভিসার ব্যবস্থা বহাল রাখা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রাখা এবং আবেদনকারীদের ভোগান্তি কমাতেই এই সংস্কার করা হয়েছে। বর্তমানে নতুন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে ভিসা-সংক্রান্ত প্রযুক্তিগত ও আইটি ব্যবস্থার হালনাগাদের কাজ চলছে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম