খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা জরুরি: শিমুল বিশ্বাস

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা জরুরি: শিমুল বিশ্বাস

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

সড়কের শৃঙ্খলা ও নিরাপত্তা শুধু মানুষের জীবন রক্ষার বিষয় নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তির সঙ্গেও গভীরভাবে জড়িত। সড়কের বিশৃঙ্খলা, যানজট ও ট্রাফিক আইন না মানার প্রবণতা বিদেশি বিনিয়োগকারী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে দেশের নেতিবাচক চিত্র তুলে ধরে। তাই সড়কে শৃঙ্খলা ফেরাতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধি এবং বেকারত্বের মতো সমস্যার সমাধান প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (১৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘রোডক্র্যাশে নিহত ও আহতদের স্মরণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতে করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পরিবহন খাতে নিজের পাঁচ দশকের অভিজ্ঞতার কথা তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন, একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না হয়ে থাকে। বিদেশ থেকে বিনিয়োগ, বাণিজ্য বা পর্যটনের উদ্দেশ্যে আসা ব্যক্তিরা বিমানবন্দর থেকে সচিবালয় কিংবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে যাওয়ার পথে সড়কের বিশৃঙ্খলা ও প্রতিবন্ধকতা দেখেন। এটি দেশের জন্য লজ্জাজনক ও দুঃখজনক চিত্র। তারা দেশে ফিরে কোনো সরকার বা দলের নয়, বরং বাংলাদেশের সড়কব্যবস্থা নিয়ে নেতিবাচক মন্তব্য করেন।

সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রীর আন্তরিকতার কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী তাদের সঙ্গে একদিন সাত ঘণ্টা সময় দিয়েছেন। সড়ক নিরাপত্তার ওপর দেশের সার্বিক ভাবমূর্তিও নির্ভর করে—বিষয়টি তিনি গভীরভাবে উপলব্ধি করেছেন। সর্বশেষ জাপান সফর থেকে ফিরেও প্রধানমন্ত্রী একই মনোভাব প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশের গুণগত পরিবর্তন চান।

সড়কে ব্যাটারিচালিত রিকশার দৌরাত্ম্য ও বেকারত্বের সংকটের বিষয়টিও তুলে ধরেন শিমুল বিশ্বাস। তিনি বলেন, ঢাকা শহরে প্রায় ৩০ থেকে ৪০ লাখ বেকার তরুণ ব্যাটারিচালিত রিকশা নিয়ে রাস্তায় নেমেছেন। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে ক্ষোভ ও প্রতিক্রিয়া তৈরি হয়। আবার সাধারণ মানুষও প্রশ্ন তোলেন, বিকল্প কর্মসংস্থান না থাকলে এসব মানুষ কোথায় যাবেন?

সড়কে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দেশের সাধারণ সড়ক ও মহাসড়কের চিত্রের সঙ্গে সেনানিবাসের ভেতরের সড়কের চিত্রের পার্থক্য রয়েছে। জাহাঙ্গীর গেট দিয়ে সেনানিবাসে প্রবেশের পর একই মানুষ, যাত্রী ও চালক নিয়ম মেনে চলেন, অথচ বাইরে এসে তা মানেন না। তাই নিয়ম মানাতে আইন প্রয়োগের পাশাপাশি নাগরিক সচেতনতা বাড়ানো জরুরি।

এ সময় সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির তিন স্বেচ্ছাসেবক নূর মোহাম্মদ আরিফ, মোহাম্মদ রাব্বি মোল্লা ও তামান্না তাবাসসুম ঐশীর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব হাবিবুর রহমান খান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের ৮০ থেকে ৯০ শতাংশই দরিদ্র পরিবারের সদস্য। অনেক ক্ষেত্রে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি মারা যাওয়ায় তার বৃদ্ধ মা-বাবা, স্ত্রী ও সন্তানদের সারাজীবন দুর্ভোগ পোহাতে হয়। মৃত্যুর সংখ্যার চেয়েও পঙ্গুত্ববরণকারী ও দীর্ঘমেয়াদে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা বেশি।

সড়ক দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, সব ক্ষেত্রে চালকের একার দোষ থাকে না। ফিটনেসবিহীন গাড়ি, ত্রুটিপূর্ণ সড়ক অবকাঠামো এবং একই সড়কে রিকশা-ভ্যানসহ বিভিন্ন গতির যানবাহন চলাচলের কারণেও দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, শহরে দীর্ঘ সময় যানজটে আটকে থাকার পর রাস্তা ফাঁকা পেলে সময় পুষিয়ে নিতে চালকরা অনেক সময় বেপরোয়া গতিতে গাড়ি চালান। ইউরোপসহ বিভিন্ন দেশে চালকদের নির্দিষ্ট কর্মঘণ্টা শেষে বিশ্রাম নেওয়ার বাধ্যবাধকতা থাকলেও বাংলাদেশে দূরপাল্লার নাইট কোচ ও ট্রাকের চালকরা পর্যাপ্ত বিশ্রাম পান না। ফলে ঘুমঘুম চোখে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত আইন প্রণয়ন এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বীমার মাধ্যমে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করার দাবি জানান হাবিবুর রহমান খান।

তিনি বলেন, দুর্ঘটনার পর চালককে মারধর কিংবা গণপিটুনির প্রবণতা বন্ধ করতে হবে। মারধরের ভয়ে অনেক চালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করেন, যা দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়ায়।

তিনি জানান, সারাদেশে রেড ক্রিসেন্টের ৬৮টি ইউনিটের প্রায় আট লাখ স্বেচ্ছাসেবক যেকোনো দুর্যোগের পাশাপাশি ট্রাফিক ও হাইওয়ে পুলিশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছেন।

রোড সেফটি কোয়ালিশন বাংলাদেশ, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি যৌথভাবে এ গোলটেবিল আলোচনার আয়োজন করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি শামসুল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমান, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক খন্দকার আব্দুল আউয়াল রিজভী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এপিডেমিওলজি ও গবেষণা বিভাগের প্রধান সোহেল রেজা চৌধুরী।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম