খুঁজুন
advertisement
advertisement
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৮ অগ্রহায়ণ, ১৪৩৩

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালকে সরকারি বিজ্ঞাপন দেওয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি নীতি সহায়তা দেওয়ার দাবি যৌক্তিক বলে মনে করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ এবং প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। এ বিষয়ে শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা।

সোমবার (১৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের সঙ্গে তথ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রীর এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ও নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সম্পাদকেরা অংশ নেন।

বৈঠকে নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনা এবং এ খাতের বিদ্যমান সমস্যা সমাধানে নীতিগত সহায়তা চান সম্পাদকরা।

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক ও রাজনীতি ডটকমের সম্পাদক শরিফুজ্জামান পিন্টু অনলাইন সংবাদমাধ্যমগুলোর বিভিন্ন সমস্যা ও সমাধানের প্রস্তাব তুলে ধরেন। এ সময় ফোরামের সদস্যসচিব ও ঢাকা স্ট্রিমের সম্পাদক গোলাম ইফতেখার মাহমুদ, প্রধান পৃষ্ঠপোষক ও সোনালী নিউজের প্রকাশক মোহাম্মদ ইউনূছ, জাগো নিউজের সম্পাদক কে এম জিয়াউল হক, খবর সংযোগের সম্পাদক নজরুল ইসলাম, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, দেশ সমাচারের সম্পাদক শাহাদাত হোসেন এবং রাইজিং বিডির নির্বাহী সম্পাদক তাপস রায় বক্তব্য দেন।

ফোরামের লিখিত বক্তব্যে বলা হয়, নিবন্ধন দেওয়ার বাইরে অনলাইন নিউজ পোর্টালগুলোর জন্য সরকারের কার্যকর নীতিগত সহায়তা প্রায় নেই বললেই চলে। নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপনের আওতায় আনতে একটি প্রজ্ঞাপন বা সরকারি আদেশ জারি করলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তা বাস্তবায়ন করতে পারবে। এতে সরকারের অতিরিক্ত আর্থিক দায় তৈরি হবে না।

পরবর্তী সময়ে তথ্য অধিদপ্তর বা মন্ত্রণালয়ের অধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পেজভিউ, নিজস্ব কার্যালয় ও জনবলসহ প্রয়োজনীয় সূচক বিবেচনায় বিজ্ঞাপন বণ্টনের পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন করতে পারে। এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের মিডিয়া কমিশনও সুপারিশ করেছিল বলে জানান তারা।

আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে তথ্যমন্ত্রীর বক্তব্য

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন। তিনি বলেন, দলটির কর্মসূচি রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও দলটির অস্তিত্ব নেই বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গ্রহণযোগ্যতা হারিয়েছে। রাজনৈতিকভাবে শেখ হাসিনার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। জনগণ দলটিকে বিতাড়িত করার পরও তাদের শিক্ষা হয়নি।

তিনি আরও বলেন, গত আট মাসে দেশে কোনো ব্যাংক লুট কিংবা বিদ্যুৎ খাতে দুর্নীতির ঘটনা ঘটেনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে আসতেই আওয়ামী লীগ সহিংস রাজনীতি করছে বলে মনে করেন তিনি।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের অর্থনীতির ক্ষতির প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, দলটি দেশের অর্থনীতি ও ভবিষ্যতের ব্যাপক ক্ষতি করেছে। ব্যাংকিং খাতের ব্যালান্সশিট চুরি করে নিয়ে যাওয়া হয়েছে। এর দায় বর্তমান সরকারের না হলেও দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করতে হচ্ছে।

ইতিবাচক পরিবর্তন গণমাধ্যমে তুলে ধরার আহ্বান প্রতিমন্ত্রীর

বৈঠকে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। সরকার দায়িত্ব গ্রহণের পর গত আট-নয় মাসে কোনো গুম কিংবা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি উল্লেখ করে এসব ইতিবাচক পরিবর্তনও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, সরকার গণতন্ত্রে বিশ্বাসী। জনগণের ভোটাধিকার নিশ্চিত ও সমুন্নত রাখতে কাজ করছে। এ ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও অবদান অপরিসীম।

তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় করছে। গণমাধ্যম প্রতিনিধিদের সমস্যা ও দাবি-দাওয়া শুনে সেগুলো পর্যালোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়াই এসব বৈঠকের উদ্দেশ্য।

অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন ও স্বীকৃতির বিষয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, অনলাইন পোর্টালগুলোর নিবন্ধন, স্বীকৃতি ও সুযোগ-সুবিধার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে কয়েক সপ্তাহ ধরে পর্যালোচনা চলছে। অনলাইন সংবাদমাধ্যমগুলোকে কীভাবে নিবন্ধনের আওতায় আনা যায়, সে বিষয়ে একটি কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকেরা খোলামনে লিখবেন। সরকারের ভুল-ত্রুটি থাকলে তা তুলে ধরতে পারবেন, এতে কোনো বাধা নেই। একই সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সরকারের উদ্যোগগুলোও গণমাধ্যমে তুলে ধরার আহ্বান জানান তিনি।

তবে সংবাদ পরিবেশনে দায়িত্বশীলতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ২০২৫ সালের ১২ মে প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ প্রজ্ঞাপনের বিষয়বস্তু ও বিধিনিষেধের প্রতি গণমাধ্যমকে দায়িত্বশীল থাকতে হবে।

দেশের স্থিতিশীলতা বিনষ্ট কিংবা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে—এমন সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম ও প্রচার-প্রচারণা নিয়ে সংবাদ প্রকাশের সময় বিদ্যমান আইন ও সরকারি প্রজ্ঞাপন বিবেচনায় রাখার কথা বলেন।

এ ছাড়া দ্রুত সংবাদ প্রকাশের প্রবণতায় ভুল বা বিভ্রান্তিকর শিরোনাম এড়ানোর পরামর্শ দেন প্রতিমন্ত্রী। বিদেশের কোনো ঘটনা নিয়ে সংবাদ প্রকাশের ক্ষেত্রে শিরোনামে ঘটনার স্থান বা দেশের নাম স্পষ্টভাবে উল্লেখ করার ওপর গুরুত্ব দেন তিনি।

নিবন্ধন ছাড়া নিউজ পোর্টাল পরিচালনা বন্ধের দাবি

বৈঠকে অনলাইন এডিটরস ফোরামের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে দেশে নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালের সংখ্যা ২৮৩টি। আরও কয়েকশ আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। অন্যদিকে, নিবন্ধন ছাড়াই শুধু ডোমেইন কিনে ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে কয়েক হাজার ওয়েবসাইট নিজেদের অনলাইন নিউজ পোর্টাল হিসেবে পরিচালনা করছে।

সম্পাদকদের মতে, সাধারণ পাঠকের পক্ষে নিবন্ধিত ও অনিবন্ধিত প্ল্যাটফর্মের পার্থক্য নির্ণয় করা কঠিন। এতে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তারা বলেন, মত প্রকাশের স্বাধীনতা অক্ষুণ্ন রেখেই অনলাইন সংবাদমাধ্যমে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হবে। সংবাদপত্র, টেলিভিশন ও রেডিওর মতো অনলাইন নিউজ পোর্টালের ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা প্রয়োজন।

নবায়ন ফি ও ঠিকানা পরিবর্তনের জটিলতা নিরসনের দাবি

অনলাইন এডিটরস ফোরাম জানায়, নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোকে প্রতিবছর পাঁচ হাজার টাকা নবায়ন ফি দিতে হচ্ছে। অথচ অন্যান্য গণমাধ্যমের ক্ষেত্রে একবার লাইসেন্স বা অনুমোদন নেওয়ার পর নিয়মিত নবায়নের বাধ্যবাধকতা নেই। তাই অনলাইন পোর্টালের বার্ষিক নবায়ন ফি ও প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানান সম্পাদকরা।

এ ছাড়া অনলাইন নিউজ পোর্টালের কার্যালয়ের ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সহজ করার দাবি জানানো হয়। সম্পাদকদের অভিযোগ, একটি সাধারণ ঠিকানা পরিবর্তনের আবেদন মন্ত্রী ও সচিব পর্যায় পর্যন্ত অনুমোদনের জন্য পাঠাতে হয়। এ ক্ষেত্রে দুটি গোয়েন্দা সংস্থার মতামত নেওয়াসহ তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে একাধিকবার ফাইল আদান-প্রদান করতে হয়। এতে দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

সম্পাদকরা বলেন, অনলাইন সাংবাদিকতা এখন মূলধারার গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত। প্রায় সব প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের অনলাইন সংস্করণ রয়েছে। তবে শুধু অনলাইনভিত্তিক উদ্যোক্তারা আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে টিকে থাকার সংগ্রাম করছেন।

তাদের মতে, নিবন্ধিত অনলাইন সংবাদমাধ্যমের জন্য সরকারি বিজ্ঞাপন, নবায়ন ফি পুনর্বিবেচনা, নিবন্ধনবহির্ভূত পোর্টাল নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হলে এ খাতে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ আরও সুসংহত হবে।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
রাজধানীর মোহাম্মদপুরে বিদেশি রি'ভ'ল'ভা'র, গু'লি ও মা'দ'ক'সহ গ্রে'প্তা'র ৪

ছবিতে গ্রেপ্তারকৃতরা

নিজস্ব প্রতিবেদক । যোগফল অনলাইন

দেশের রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, ৬টি তাজা গুলি, ৩৬০ গ্রাম হেরোইন ও ৭৫০টি ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-২)। 

রোববার ভোরে পাবনা হাউস গলি ও মুল্লুক চান সড়ক এলাকায় মাদক ও কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার (২২ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে এসআরবির সিপিএসসি কোম্পানি, এসআরবি-২ এ অভিযান চালায়। কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিম পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. হাবিবুল ইসলাম রানা (৩২), মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

অভিযানে হাবিবুল ইসলাম রানার কাছ থেকে একটি বিদেশি রিভলভার ও ৬টি তাজা গুলি উদ্ধার করা হয়। নাইম কাজির কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন এবং সাইদুল ইসলাম রাব্বির কাছ থেকে ২ হাজার ৭৫টি পুরিয়ায় ২৮০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তানজীন খান জিসানের কাছ থেকে জব্দ করা হয় ৭৫০টি ইয়াবা বড়ি।

এসআরবি জানায়, গ্রেপ্তার হাবিবুল ইসলাম রানার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। নাইম কাজির বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় একই আইনে মামলা রয়েছে।

উদ্ধার করা অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার চারজনকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি-২।

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, সিসিটিভিতে শনাক্ত ৩ জন

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) সাদিক কায়েমের খাগড়াছড়ির পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার চেষ্টার ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। এ ঘটনায় সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কায় কিসলু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন খাগড়াছড়ি জেলা সদরের উত্তর সবুজবাগ এলাকার মো. মুন্না ও মো. সাইফ এবং দীঘিনালা উপজেলার ওমর ফারুক। ফুটেজে দেখা যাওয়া চতুর্থ ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি।

ওসি আরও জানান, সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম বাদী হয়ে শনাক্ত তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও সাতজনকে আসামি করে মামলা করেছেন।

এর আগে শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে খাগড়াছড়ি সদর উপজেলার নয়নপুর এলাকায় সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। পরে প্রতিবেশীদের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সাদিক কায়েমের বাবা মো. আবুল কাশেম জানান, গভীর রাতে ছাদের ওপর বিকট শব্দ শুনে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করেন তিনি। এ সময় দরজার সামনে কেরোসিন ও পেট্রলের মিশ্রণ পড়ে থাকতে দেখেন। পাশাপাশি রাস্তার পাশের জানালায় আগুন দেওয়ার চেষ্টার চিহ্নও পাওয়া যায়। প্রতিবেশীরা খবর পেয়ে দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।

এদিকে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে রোববার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে বাড়িটি পরিদর্শন করেন সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের সদস্যরা।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

বার্তা বিভাগ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৬, ৭:১৮ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
কুড়িগ্রাম সীমান্তে অভিযান চালিয়ে ৭ ভারতীয় গরু জব্দ বিজিবির

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে সাতটি ভারতীয় গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার (২২ নভেম্বর) ভোরে উপজেলার সাহেবের আলগা বিওপির বিজিবি সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। জামালপুর ৩৫ বিজিবি এক খুদে বার্তায় বিষয়টি জানিয়েছে।

বিজিবির খুদে বার্তায় বলা হয়, নিজস্ব গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সীমান্তের ১০৪৭ নম্বর পিলারের কাছে মেকুর আলগা নামক স্থান দিয়ে ভারতীয় গরু চোরাচালানের তথ্য পায় বিজিবি। পরে ওই তথ্যের ভিত্তিতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন সাহেবের আলগা বিওপির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় পরিত্যক্ত অবস্থায় সাতটি গরু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা গরুগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় গরু জব্দ করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযানও অব্যাহত রয়েছে।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম