৮ হাজার ৮৮৮ কোটি টাকায় ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণের উদ্যোগ সরকারের
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
দেশের প্রান্তিক জনপদের যোগাযোগব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিতে গতি সঞ্চারের লক্ষ্যে বড় ধরনের অবকাঠামোগত উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ। এ জন্য ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ শীর্ষক একটি মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রস্তাবিত এ প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় মোট ২৫৬টি দীর্ঘ সেতু নির্মাণ করা হবে। জনপ্রতিনিধিদের দাবির পরিপ্রেক্ষিতে কয়েক দফায় প্রকল্পের পরিধি বাড়িয়ে সেতুর সংখ্যা চূড়ান্ত করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আগামীকাল বুধবার চলতি অর্থবছরের সপ্তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। সভায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরই মধ্যে প্রকল্পটি যাচাই-বাছাই করে অনুমোদনের সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।
প্রকল্প প্রস্তাবনা অনুযায়ী, সম্পূর্ণ সরকারি অর্থায়নে বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৮৮৮ কোটি ৩৮ লাখ টাকা। এতে কোনো বৈদেশিক ঋণ বা অনুদানের অর্থ রাখা হয়নি। একনেকে অনুমোদন পেলে ২০২৬-২৭ অর্থবছর থেকে শুরু হয়ে ২০৩০-৩১ অর্থবছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের অধীনে নেওয়া প্রকল্পটি বাস্তবায়ন করবে এলজিইডি। প্রকল্পের মূল উদ্দেশ্য হলো সেতু নির্মাণের মাধ্যমে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, গ্রোথ সেন্টার, হাট-বাজার, শিল্পকারখানা, ঘাট, কৃষি ও অকৃষি পণ্য উৎপাদন কেন্দ্র, স্বাস্থ্যকেন্দ্র এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগ স্থাপন করা। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, অঞ্চলভিত্তিক সুষম উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
এলজিইডি জানিয়েছে, সেতুগুলো নির্মিত হলে দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত কৃষি ও অকৃষি পণ্য দ্রুত এবং কম খরচে হাট-বাজার ও শহরে পৌঁছানো সম্ভব হবে। গ্রামীণ এলাকার স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বিশেষ করে নারী শিক্ষার্থীদের যাতায়াত সহজ হবে। একই সঙ্গে স্বাস্থ্যকেন্দ্রে রোগীদের দ্রুত পৌঁছানো সম্ভব হবে। প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি দারিদ্র্য বিমোচনেও প্রকল্পটি ভূমিকা রাখবে।
প্রকল্প প্রস্তাবনা পর্যালোচনায় দেখা গেছে, প্রাথমিক পর্যায়ে ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজের সম্ভাব্যতা যাচাই’ শীর্ষক একটি প্রকল্পের মাধ্যমে দেশের আটটি বিভাগের ৩০টি জেলার ৪৮টি উপজেলায় ৭৪টি দীর্ঘ সেতুর সম্ভাব্যতা সমীক্ষা করা হয়েছিল। ওই সমীক্ষার ভিত্তিতে সেতুগুলোর প্রাথমিক নকশা, ড্রয়িং ও ব্যয় প্রাক্কলন প্রস্তুত করা হয়। পরবর্তী সময়ে আন্তমন্ত্রণালয় কমিটি এবং পরিকল্পনা কমিশনের পিইসি সভার সিদ্ধান্ত অনুযায়ী কয়েক দফায় প্রকল্পের পরিধি ও সেতুর সংখ্যা বাড়ানো হয়।
শুরুর দিকে এলজিইডি ছয়টি বিভাগের ১৪টি জেলার ১৯টি উপজেলায় ২০টি সেতু নির্মাণের প্রস্তাব দিয়েছিল। ২০২৩ সালের ৯ আগস্ট প্রকল্প যাচাই কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী আটটি বিভাগের ১৪টি জেলার ৩৩টি উপজেলার ৩৮টি সেতু অন্তর্ভুক্ত করে ডিপিপি পুনর্গঠন করা হয়। একই বছরের ২ নভেম্বর অনুষ্ঠিত পিইসি সভার সিদ্ধান্তে আরও ৩৭টি সেতু যুক্ত করার প্রস্তাব আসে।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ৩ জুলাই অনুষ্ঠিত পিইসি সভায় জনগুরুত্ব বিবেচনায় আটটি বিভাগের ২৯টি জেলার ৩২টি উপজেলা থেকে ৩২টি সেতু অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। এর মধ্যে ফেনী সদর উপজেলার একটি সেতুর জন্য পৃথক প্রকল্প অনুমোদিত হওয়ায় অবশিষ্ট ৩১টি সেতু এবং নতুন আরও ৩২টি সেতুসহ মোট ৬৩টি সেতু যুক্ত করে ২০২৫ সালের ১৭ ডিসেম্বর স্থানীয় সরকার বিভাগে প্রস্তাব পাঠানো হয়।
সবশেষ ২০২৬ সালের ৩০ মার্চ স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পর প্রকল্পের ডিপিপি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়। পরিবর্তিত পরিস্থিতি বিবেচনায় পিইসির সুপারিশকৃত ১১টি সেতু এবং স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় আরও ২০০টি সেতুসহ মোট ২১১টি সেতু প্রস্তাবিত ডিপিপিতে অন্তর্ভুক্ত করা হয়।
এরপর ২০২৬ সালের ২ আগস্ট প্রকল্পের ওপর পুনরায় পিইসি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় বিভিন্ন এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের দাবি ও জনগুরুত্ব বিবেচনায় যাচাই-বাছাই শেষে মোট ২৫৬টি দীর্ঘ সেতু চূড়ান্তভাবে অন্তর্ভুক্ত করা হয়। এসব সেতুর মধ্যে ৯৮টির জন্য নতুন করে সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে। এ জন্য ডিপিপিতে পৃথক বরাদ্দ রাখা হয়েছে।
পাঁচ বছরে ব্যয় হবে ৮ হাজার ৮৮৮ কোটি টাকা
প্রকল্পের অর্থবছরভিত্তিক ব্যয় বিভাজন অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৩৮ কোটি ৪৭ লাখ ২৮ হাজার টাকা। ২০২৭-২৮ অর্থবছরে সর্বোচ্চ ২ হাজার ২৩৪ কোটি ৩২ লাখ ৩৪ হাজার টাকা, ২০২৮-২৯ অর্থবছরে ২ হাজার ১৮৮ কোটি ৪৩ লাখ ৪৩ হাজার টাকা, ২০২৯-৩০ অর্থবছরে ২ হাজার ৬৫ কোটি ৬৮ লাখ ৪৯ হাজার টাকা এবং শেষ অর্থবছর ২০৩০-৩১ সালে ৯৬১ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকা ব্যয় করা হবে।
প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৮০ কোটি ৯৩ লাখ টাকা। এর মধ্যে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতায় ৯ কোটি ৭২ লাখ, সরবরাহ ও সেবা খাতে ১৬৯ কোটি ৬ লাখ এবং মেরামত, সংরক্ষণ ও পুনর্বাসন খাতে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
সরবরাহ ও সেবা খাতের মধ্যে ব্যক্তিভিত্তিক পরামর্শক খাতে ৬২ কোটি ৬৪ লাখ টাকা এবং ১০টি নন-স্প্যান সেতুর ডিজাইন রিভিউ ও ভেটিং ফি বাবদ ১২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এ ছাড়া বিভিন্ন দৈর্ঘ্যের সেতুর মাটি পরীক্ষা, টপোগ্রাফিক্যাল, বেথিমেট্রিক ও হাইড্রোলজিক্যাল সমীক্ষার জন্যও অর্থ রাখা হয়েছে।
অন্যদিকে মূলধন খাতে ব্যয় ধরা হয়েছে ৮ হাজার ৬৩৭ কোটি ৪৫ লাখ টাকা। প্রকল্পের আওতায় মোট ৪৯ হাজার ৫০ মিটার দৈর্ঘ্যের ২৫৬টি সেতু নির্মাণ করা হবে। এতে ব্যয় হবে ৭ হাজার ৮৮৫ কোটি ১ লাখ টাকা। পাশাপাশি সেতুগুলোর সঙ্গে গ্রামীণ সড়কের সংযোগ স্থাপনে ৬৫ দশমিক ১৮৭ কিলোমিটার অ্যাপ্রোচ সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৩২৫ কোটি ৯৩ লাখ টাকা।
এ ছাড়া বিদ্যমান ৭ হাজার ৭০০ মিটার সেতুর নদীশাসন ও রক্ষণাবেক্ষণ কাজে ১৫৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। অবকাঠামো ও সংযোগ সড়ক নির্মাণের জন্য সারা দেশে ৩০০ একর জমি অধিগ্রহণে ব্যয় ধরা হয়েছে ৪০০ কোটি টাকা।
সম্পদ সংগ্রহ ও ক্রয় খাতে ৩৯ কোটি ১১ লাখ টাকা ব্যয় হবে। এ অর্থে ৫৫টি কম্পিউটার ও আনুষঙ্গিক সরঞ্জাম, ১১০টি মোটরসাইকেল ও মোটরযান, দুটি ফটোকপিয়ার এবং ২০টি থ্রি-হুইল স্ট্যাটিক রোড রোলার কেনার পরিকল্পনা রয়েছে। সংযোগ সড়কের দুই পাশে বৃক্ষরোপণ ও পরিচর্যায় ২ কোটি ৬০ লাখ টাকা এবং ফিজিক্যাল ও প্রাইস কন্টিনজেন্সি খাতে মোট ৭০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
আট বিভাগে যেসব এলাকায় নির্মিত হবে সেতু
প্রকল্পের আওতায় দেশের আটটি বিভাগের ৪৮টি জেলার ১২৫টি উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
রংপুর বিভাগের পাঁচটি জেলার ১০টি উপজেলায় সেতু নির্মিত হবে। এর মধ্যে ঠাকুরগাঁওয়ের সদর ও রানীশংকৈল, নীলফামারীর সদর ও ডিমলা, দিনাজপুরের বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট এবং পঞ্চগড় ও লালমনিরহাট সদর উপজেলা রয়েছে।
রাজশাহী বিভাগের ছয়টি জেলার ১৭টি উপজেলা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। বগুড়া জেলার শেরপুর, সোনাতলা, সারিয়াকান্দি, ধুনট, শিবগঞ্জ, মোকামতলা, সদর, গাবতলী, কাহালু ও নন্দীগ্রাম; নওগাঁর মান্দা ও আত্রাই; রাজশাহীর বাঘা; জয়পুরহাটের আক্কেলপুর ও পাঁচবিবি; নাটোরের লালপুর এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।
খুলনা বিভাগের চারটি জেলার পাঁচটি উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব রয়েছে। এগুলো হলো খুলনার দিঘলিয়া, বাগেরহাটের মোংলা, মাগুরার মহম্মদপুর ও সদর এবং ঝিনাইদহের শৈলকুপা।
বরিশাল বিভাগের পাঁচটি জেলার ১৫টি উপজেলায় সেতু নির্মিত হবে। এর মধ্যে বরগুনার আমতলী, বরিশালের বাকেরগঞ্জ, মেহেন্দীগঞ্জ, আগৈলঝাড়া, গৌরনদী, হিজলা ও বাবুগঞ্জ, পটুয়াখালীর মির্জাগঞ্জ, গলাচিপা ও বাউফল, পিরোজপুরের নাজিরপুর, জিয়ানগর ও সদর এবং ভোলার মনপুরা ও লালমোহন রয়েছে।
ময়মনসিংহ বিভাগের তিনটি জেলার আটটি উপজেলা প্রকল্পে স্থান পেয়েছে। জামালপুরের ইসলামপুর, বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ, নেত্রকোনার দুর্গাপুর ও কলমাকান্দা এবং ময়মনসিংহের গফরগাঁও, নান্দাইল ও গৌরীপুর উপজেলায় সেতু নির্মাণ করা হবে।
ঢাকা বিভাগের ১১টি জেলার ২৯টি উপজেলা প্রকল্পের আওতায় রয়েছে। এর মধ্যে ফরিদপুরের সদর ও নগরকান্দা, টাঙ্গাইলের সদর, সখীপুর, বাসাইল ও ধনবাড়ী, মানিকগঞ্জের ঘিওর ও সদর, নারায়ণগঞ্জের রূপগঞ্জ, নরসিংদীর বেলাব, মনোহরদী, পলাশ, রায়পুরা ও সদর, কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচর ও পাকুন্দিয়া, ঢাকার কেরানীগঞ্জ, সাভার ও নবাবগঞ্জ এবং গাজীপুরের কালিয়াকৈর ও কাপাসিয়া রয়েছে।
এ ছাড়া মাদারীপুরের কালকিনি ও সদর, শরীয়তপুরের গোসাইরহাট, ডামুড্যা ও ভেদরগঞ্জ এবং মুন্সীগঞ্জের গজারিয়া ও সিরাজদীখান উপজেলায় সেতু নির্মাণের প্রস্তাব করা হয়েছে।
সিলেট বিভাগের চারটি জেলার ১০টি উপজেলায় সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে সিলেটের গোয়াইনঘাট, সদর, কোম্পানীগঞ্জ, গোলাপগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ, হবিগঞ্জের বানিয়াচং, মৌলভীবাজারের রাজনগর এবং সুনামগঞ্জের জগন্নাথপুর, সদর ও তাহিরপুর রয়েছে।
চট্টগ্রাম বিভাগের ১০টি জেলার ৩১টি উপজেলা প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুরের শাহরাস্তি, হাজীগঞ্জ, মতলব উত্তর, মতলব দক্ষিণ, সদর, ফরিদগঞ্জ ও কচুয়া; ফেনীর সোনাগাজী; কুমিল্লার মুরাদনগর, বুড়িচং, আদর্শ সদর, মনোহরগঞ্জ ও হোমনা; ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর, নবীনগর ও সরাইল রয়েছে।
এ ছাড়া কক্সবাজারের পেকুয়া, চকরিয়া ও টেকনাফ; চট্টগ্রামের হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া; লক্ষ্মীপুরের সদর, রায়পুর, রামগতি ও কমলনগর; রাঙামাটির সদর ও লংগদু; বান্দরবানের আলীকদম ও থানচি এবং খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সেতু নির্মাণ করা হবে।
অনুমোদনের সুপারিশ, রয়েছে একাধিক শর্ত
প্রকল্পটির ওপর গত ৯ আগস্ট প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত পরিপালন সাপেক্ষে প্রকল্পটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে পরিকল্পনা কমিশনের কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।
পরিকল্পনা কমিশনের মতে, প্রস্তাবিত এলাকাগুলোতে সড়ক নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগব্যবস্থা সহজ ও টেকসই হলে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। এতে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং এলাকার দারিদ্র্য বিমোচনে প্রকল্পটি সহায়ক ভূমিকা রাখবে।
তবে প্রকল্প বাস্তবায়নে কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন। নদীপথে বড় সেতু নির্মাণের ক্ষেত্রে নদীর গতিপথ, নাব্যতা ও পরিবেশগত প্রভাব বিবেচনায় নিতে হবে। পাশাপাশি হাইড্রোলজিক্যাল, মরফোলজিক্যাল ও বেথিমেট্রিক সমীক্ষার সুপারিশ বাস্তবায়ন করতে হবে।
সেতু নির্মাণের আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নেভিগেশনাল ক্লিয়ারেন্স এবং পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে। একই সঙ্গে জলবায়ু সহনশীল ও টেকসই নির্মাণসামগ্রী ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রকল্পের সেতু নির্বাচনের ক্ষেত্রে অন্য কোনো চলমান প্রকল্পের সঙ্গে কাজের দ্বৈততা যেন না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। রোড রোলার ও লোবেড ট্রেইলার কেনার ক্ষেত্রে প্রধান প্রকৌশলীর নেতৃত্বে কারিগরি কমিটি গঠন করে বাজারদর যাচাইয়ের মাধ্যমে ব্যয় নির্ধারণ করতে হবে। পাশাপাশি প্রকল্প এলাকায় বিদ্যমান মোটরসাইকেল ও রোড রোলারের তালিকাও যুক্ত করার নির্দেশনা দিয়েছে পরিকল্পনা কমিশন।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন