কৃষিঋণের আওতা বাড়াল বাংলাদেশ ব্যাংক, সংরক্ষণ-বিপণনেও মিলবে ঋণ
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
কৃষি ও পল্লিঋণ বিতরণে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদন নয়, কৃষিপণ্যের সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিপণন কার্যক্রমেও কৃষিঋণ দেওয়া যাবে। একই সঙ্গে আধুনিক কৃষিযন্ত্র, নির্ভুল কৃষিপদ্ধতি, জলবায়ুসহিষ্ণু কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ঋণ বিতরণে গুরুত্ব দেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় এসব পরিবর্তন এনেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১৯ নভেম্বর) এ বিষয়ে সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণের ক্ষেত্রে চারটি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এগুলো হলো শস্য ও ফসল, সেচ ও কৃষিযন্ত্র, মৎস্য এবং প্রাণিসম্পদ। ব্যাংকগুলোর মোট কৃষিঋণ বিতরণ লক্ষ্যমাত্রার ৫৫ শতাংশ শস্য ও ফসল খাতে, ২ শতাংশ সেচ ও কৃষিযন্ত্র খাতে, ১৩ শতাংশ মৎস্য খাতে এবং ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে বিতরণ করতে হবে। অবশিষ্ট ১০ শতাংশ কৃষি উৎপাদন, পল্লি অঞ্চলের উৎপাদনশীলতা ও সেবা খাতে ব্যয় করা যাবে।
নতুন নির্দেশনায় কৃষিঋণের আওতা আরও সম্প্রসারণ করা হয়েছে। কৃষিপণ্য উৎপাদনের পাশাপাশি সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণের সঙ্গে যুক্ত উদ্যোক্তা, পাইকারি ও খুচরা বিক্রেতারাও ঋণ সুবিধা পাবেন। ফলে কৃষি উৎপাদন থেকে শুরু করে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো পর্যন্ত পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়নের সুযোগ তৈরি হবে।
এ ছাড়া প্রান্তিক, ক্ষুদ্র ও ভূমিহীন কৃষকদের সহজ পদ্ধতিতে একক বা দলগতভাবে কৃষিঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। তবে ঋণখেলাপি কৃষক ও ঋণগ্রহীতারা নতুন করে কৃষি ও পল্লিঋণ পাওয়ার যোগ্য বিবেচিত হবেন না।
নতুন নীতিমালায় কৃষিঋণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে প্রকৃত ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন ও বর্গাচাষিদের মধ্যে ঋণ বিতরণ করতে হবে।
প্রয়োজনে স্থানীয় হাটের দিনে ব্যাংকের শাখার কর্মকর্তারা ক্যাম্প করে কৃষিঋণের তথ্য প্রচার ও ঋণ বিতরণ করতে পারবেন। এ কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের কর্মকর্তাদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ঋণ বিতরণ ও আদায় নিয়ে সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষিযন্ত্র কেনায় মিলবে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ
আধুনিক কৃষিযন্ত্র ব্যবহারে উৎসাহ দিতে নতুন ঋণনীতিমালা ও পরিশোধসূচি যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এতে কম্বাইন হারভেস্টার, রিপার, রিপার বাইন্ডার, রাইস ট্রান্সপ্লান্টার, পাওয়ার থ্রেসার, সিডার, বেড প্ল্যান্টার, ট্রাক্টর ও পাওয়ার টিলার কেনার জন্য ঋণ দেওয়া যাবে।
কৃষিযন্ত্রের মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ কৃষক বা ক্রেতাকে নিজস্ব বিনিয়োগ হিসেবে দিতে হবে।
নীতিমালার সংযুক্তিতে একটি কম্বাইন হারভেস্টারের আনুমানিক মূল্য ২০ থেকে ২৫ লাখ টাকা, ট্রাক্টরের মূল্য ২৫ থেকে ৩০ লাখ টাকা এবং রাইস ট্রান্সপ্লান্টারের মূল্য ৭ থেকে ২০ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া রিপার ও রিপার বাইন্ডারের দাম ২ থেকে সাড়ে ৭ লাখ টাকা এবং পাওয়ার টিলারের দাম ২ থেকে ৩ লাখ টাকা ধরা হয়েছে। তবে ঋণ দেওয়ার সময় যন্ত্রের প্রকৃত মূল্য নির্ধারণ করতে হবে।
ছোট কৃষিযন্ত্রের ক্ষেত্রে কেনা যন্ত্রটিকে প্রাথমিক জামানত হিসেবে বিবেচনা করতে পারবে ব্যাংক। বড় যন্ত্রের ক্ষেত্রে যন্ত্রের পাশাপাশি ব্যক্তিগত গ্যারান্টি অথবা জমি ও স্থাবর সম্পত্তি জামানত হিসেবে নেওয়া যাবে।
ঋণের মেয়াদ নির্ধারণে যন্ত্রের কার্যকাল ও স্থায়িত্ব বিবেচনা করতে হবে। সাধারণত কৃষিযন্ত্রের আয়ুষ্কাল তিন থেকে পাঁচ বছর। যন্ত্র থেকে মৌসুমভিত্তিক আয় হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ব্যাংক ঋণ পরিশোধের সময়সূচি নির্ধারণ করবে। প্রয়োজনে সর্বোচ্চ ১২ মাস পর্যন্ত গ্রেস পিরিয়ড বা ঋণ পরিশোধে ছাড় দেওয়া যাবে।
নির্ভুল ও জলবায়ুসহিষ্ণু কৃষিতে গুরুত্ব
নতুন নীতিমালায় প্রিসিশন ফার্মিং বা নির্ভুল কৃষিপদ্ধতিকে গুরুত্ব দেওয়া হয়েছে। এ পদ্ধতিতে জমির নির্দিষ্ট স্থানের প্রয়োজন অনুযায়ী তথ্যভিত্তিকভাবে বীজ, সার, পানি ও বালাইনাশক প্রয়োগ করা হয়। স্যাটেলাইট, ড্রোন, সেন্সর, জিআইএস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বিগ ডেটা বিশ্লেষণের মতো প্রযুক্তি ব্যবহার করে কৃষি উৎপাদন বাড়ানো এবং উৎপাদন খরচ কমানো এর উদ্দেশ্য।
অন্যদিকে জলবায়ুসহিষ্ণু স্মার্ট কৃষির আওতায় বন্যা, খরা ও লবণাক্ততা সহনশীল ফসলের জাত, পানিসাশ্রয়ী সেচব্যবস্থা, ভাসমান কৃষি, বৃষ্টির পানি সংরক্ষণ, সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প ব্যবহারে অর্থায়ন করা হবে।
কৃষি খাতে জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে বায়োগ্যাস উৎপাদন এবং সৌর প্যানেল স্থাপনে দেওয়া ঋণ কৃষিঋণ হিসেবে বিবেচিত হবে। বিদ্যুৎ-সংযোগবিহীন এলাকায় সৌর প্যানেলের মাধ্যমে সোলার হোম সিস্টেম স্থাপনের ঋণও এর আওতায় আসবে।
এ ছাড়া গোবর সার, কেঁচো কম্পোস্ট ও কো-কম্পোস্টসহ পরিবেশবান্ধব জৈব সার উৎপাদনে ঋণ দেওয়ার নির্দেশনা রয়েছে। এ ক্ষেত্রে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পরামর্শ নেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, কৃষি ও পল্লিঋণ বিতরণের তথ্য মাসিক ভিত্তিতে নির্ভুলভাবে পাঠাতে হবে। পাশাপাশি এক কোটি টাকা বা তার বেশি অঙ্কের ঋণের প্রমাণক পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকে জমা দিতে হবে।
নতুন নীতিমালার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষিপণ্যের মূল্য সংযোজন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষির পুরো সরবরাহব্যবস্থায় অর্থায়ন সম্প্রসারণ করতে চায় কেন্দ্রীয় ব্যাংক।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন