খুঁজুন
advertisement
advertisement
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ, ১৪৩৩

জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, থাকছে সমাবেশ ও বিজয় র‍্যালি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
জামায়াতের ৪০ দিনের কর্মসূচি ঘোষণা, থাকছে সমাবেশ ও বিজয় র‍্যালি

ছবির ক্যাপশন

নিজস্ব প্রতিবেদক:

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ৪০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে এসব কর্মসূচি পালন করবে দলটি। কর্মসূচির মধ্যে রয়েছে সমাবেশ, বিক্ষোভ মিছিল, আলোচনা সভা, মানববন্ধন, বিজয় র‍্যালি, রক্তদান ও মেডিকেল ক্যাম্প।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মিয়া গোলাম পরওয়ার বলেন, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির দেশে ফেরার ঘোষণা ঘিরে সহিংসতা এবং গণভোটের গণরায় কার্যকর না করায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষোভ ও সংকট তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে, সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না।

তিনি বলেন, দেশের ২২টির বেশি জেলায় সংঘাত-হানাহানির ঘটনা ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন। বিভিন্ন স্থানে হাসপাতাল, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি এখন শুধু গোপালগঞ্জে সীমাবদ্ধ নেই, সারা দেশে ছড়িয়ে পড়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, হত্যাকাণ্ড ও চাঁদাবাজির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, সরকারের ব্যর্থতায় অবনতিশীল পরিস্থিতির শিকার হচ্ছে জনগণ। জাতীয় সংকট মোকাবিলায় জনগণ, সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন। কিন্তু সরকার সেই জায়গা থেকে সরে যাচ্ছে।

আওয়ামী লীগের কর্মসূচি মোকাবিলায় বিএনপি মাঠে থাকলেও জামায়াতের অবস্থান কী—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতও মাঠে রয়েছে। তবে ফ্যাসিবাদ প্রতিহত করার আন্দোলন হবে জনগণকে সঙ্গে নিয়ে, নিয়মতান্ত্রিক ও অহিংস পদ্ধতিতে। গাড়ি পোড়ানো বা মানুষ হত্যার মাধ্যমে ফ্যাসিবাদ প্রতিহত করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় জামায়াত। রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে দলীয়ভাবে ৪০ দিনের কর্মসূচি নেওয়া হয়েছে।

জামায়াতের ঘোষিত ৪০ দিনের কর্মসূচি:

1. ২১ নভেম্বর: বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সন্ত্রাস-নাশকতা ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে সমাবেশ ও মিছিল।

2. ২৫ নভেম্বর: ঢাকা ছাড়া ১১টি মহানগরীতে একই দাবিতে সমাবেশ ও মিছিল। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে মহিলা বিভাগের উদ্যোগে ঢাকায় মানববন্ধন।

3. ২৬ নভেম্বর: জেলা সংগঠনের উদ্যোগে জেলা সদরে সমাবেশ ও মিছিল।

4. ২৯ নভেম্বর: ফিলিস্তিনের জনগণের সঙ্গে আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

5. ৩০ নভেম্বর: দেশব্যাপী উপজেলা ও থানা সদরে সমাবেশ ও মিছিল।

6. ২ ডিসেম্বর: পোশাকশিল্পের অস্থিরতা ও সংকট সমাধানে ঢাকায় আলোচনা সভা।

7. ৬ ডিসেম্বর: স্বৈরাচার পতন ও কেয়ারটেকার সরকার দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

8. ৯ ডিসেম্বর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে ঢাকায় আলোচনা সভা।

9. ১০ ডিসেম্বর: আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইনজীবীদের উদ্যোগে ঢাকায় আলোচনা সভা।

10. ১৩ ডিসেম্বর: ঢাকায় ব্যবসায়ী সম্মেলন।

11. ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস পালন।

12. ১৫ ডিসেম্বর: মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা সভা।

13. ১৬ ডিসেম্বর: রাজধানীসহ সারা দেশে বিজয় র‍্যালি।

14. ১৯ ডিসেম্বর: শহীদ শরীফ ওসমান বিন হাদির শাহাদাত উপলক্ষে আলোচনা সভা ও দোয়া।

15. ২০ ডিসেম্বর: চিকিৎসকদের উদ্যোগে আলোচনা সভা।

16. ২১ ডিসেম্বর: প্রকৌশলীদের উদ্যোগে আলোচনা সভা।

17. ২৩ ডিসেম্বর: মহিলা বিভাগের উদ্যোগে আলোচনা সভা।

18. ২৬ থেকে ৩১ ডিসেম্বর: দেশব্যাপী রক্তদান কর্মসূচি, মেডিকেল ক্যাম্প এবং যুদ্ধাহত ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা প্রদান।

তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
ভোলাহাটে ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

ছবিতে বীজ বিতরণ

এম.এস.আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় উপজেলা কৃষি দপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ ব্যবস্থাপনায় উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সানাউল মোর্শেদ।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবু সাঈদ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম কবিরাজ, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ একরামুল হক এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আশাফুল ইসলাম।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা (উদ্ভিদ) মোঃ আক্তারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

কৃষি দপ্তর সূত্রে জানা যায়, ২০২৬-২০২৭ অর্থবছরের রবি মৌসুমে গম, সরিষা, চিনাবাদাম এবং শীতকালীন মৌসুমে পেঁয়াজ, মসুর, খেসারি ও অড়হর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর আওতায় ভোলাহাট উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ৪ হাজার ১০০ কৃষককে বিঘাপ্রতি বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা প্রদান করা হবে।

প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর ও খেসারি চাষের ক্ষেত্রে অনুমোদিত অগ্রাধিকার তালিকাভুক্ত একজন কৃষক একটি মাত্র ফসলের জন্য বীজ ও সার সহায়তা পাবেন। এর মধ্যে এক বিঘা জমিতে সরিষা চাষের জন্য ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হবে। অন্যদিকে মসুর চাষের জন্য ৫ কেজি মসুর বীজ এবং খেসারি চাষের জন্য ৮ কেজি খেসারি বীজের সঙ্গে ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকের উৎপাদন খরচ কমানো এবং অধিক ফলন নিশ্চিত করতে সরকারের এ ধরনের প্রণোদনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণের ফলে রবি ও শীতকালীন ফসলের আবাদ সম্প্রসারণের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা আরও বলেন, কৃষকের স্বার্থ রক্ষা, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি বিভাগের এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন।

পাশাপাশি প্রণোদনার উপকরণ যেন প্রকৃত উপকারভোগী কৃষকদের হাতে পৌঁছায়, সে বিষয়েও সংশ্লিষ্টদের গুরুত্ব দিতে হবে।
ছবির ক্যাপশন: ভোলাহাটে ২০২৬-২০২৭ অর্থবছরের রবি ও শীতকালীন মৌসুমে সরকারি প্রণোদনার আওতায় ৪ হাজার ১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সঙ্গে স্থানীয় কৃষকদের একাংশ।

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় আটক ৯

ছবিতে আটককৃতরা

গিয়াস রনি | নোয়াখালী জেলা সংবাদদাতা 

নোয়াখালীর হাতিয়ায় মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ ৯ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি কার্গো বোট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলেন, লক্ষ্মীপুরের আলেকজান্ডার উপজেলার চরমেহার গ্রামের মো. রাশেদ, নোয়াখালীর হাতিয়া উপজেলার আল-আমীন গ্রামের মো. রাশেদ, সুবর্ণচরের দক্ষিণচর মজিদ গ্রামের মো. মনির, মো. আফসার উদ্দিন, মো. শেহেনাজ ও মো. রুবেল, হাতিয়ার ফরাজি গ্রামের ফজলুল হক, হাতিয়ার রেজুকালিয়া গ্রামের মো. বাবুল এবং চট্টগ্রামের মিরসরাই উপজেলার দুর্গাপুর গ্রামের মোহাম্মদ সালাউদ্দিন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত নোয়াখালীর হাতিয়া থানাধীন চর গাসিয়া সংলগ্ন মেঘনা নদীতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা ১৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ করা হয়। জব্দ সিমেন্টের আনুমানিক মূল্য ১ লাখ ৭৫ হাজার টাকা। এ সময় বোটসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আরও বলেন, জব্দ সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আ'লীগের লকডাউনের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ২:১৯ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আ'লীগের লকডাউনের প্রতিবাদে রূপগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি

ছবিতে বিএনপির নেতারা

মোঃ আরিফুল ইসলাম আরিফ |রূপগঞ্জ  (নারায়ণগঞ্জ) সংবাদদাতা নিনিষিদ্ধ ঘোষিত সংগঠনের অবৈধ লকডাউনের প্রতিবাদে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু-এর নির্দেশনায় তারাব পৌরসভায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে তারাব পৌর বিএনপি ঢাকা-সিলেট মহাসড়কের বিশ্বরোড এলাকায়, তারাব পৌর যুবদল রূপসী বাসস্ট্যান্ডে, তারাব পৌর স্বেচ্ছাসেবক দল বরপা বাসস্ট্যান্ডে এবং তারাব পৌর জাসাস বরাব এলাকায় বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করছে।

এতে বিএনপির মূল দলসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, জাসাসসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ সংগঠনের ব্যানারে অংশগ্রহণ করছেন।

কর্মসূচিতে সংশ্লিষ্ট সংগঠনগুলোর নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের লকডাউনের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।