আওয়ামী লীগের নাশকতা প্রতিহত করতে রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশবিরোধী অপতৎপরতা, সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্য প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে নেতারা জানান, দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, বিগত ফ্যাসিবাদী শক্তি দেশের বিভিন্ন স্থানে জনগণের জানমালের ক্ষয়ক্ষতি করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। আতঙ্ক সৃষ্টি করে তারা নিজেদের প্রকৃত পরিচয় নতুন করে তুলে ধরছে। এ অবস্থায় দায়িত্বশীল বিরোধী দল হিসেবে করণীয় নির্ধারণে ১১ দল বৈঠকে বসেছে।
তিনি বলেন, যেকোনো মূল্যে ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তির ক্রীড়নক অপশক্তিকে রুখতে হবে। এ জন্য জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান করবে ১১ দল।
মামুনুল হক আরও বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে বিভেদ বা ফাটল তৈরি হলে দেশ দুর্বল হয়ে পড়তে পারে। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না করাই বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণ এবং জুলাই শক্তির ঐক্যবদ্ধ উপস্থিতি জরুরি। জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষতি করে জাতিকে পরাস্ত করতে পারবে না।
নৈরাজ্যবাদীদের হামলায় নিহত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের পরিবারের প্রতি এবং অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও যানবাহনের মালিকদের প্রতি ১১ দলের পক্ষ থেকে সহমর্মিতা প্রকাশ করেন তিনি।
একই সঙ্গে সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমনের আহ্বান জানান মামুনুল হক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
মামুনুল হক বলেন, ১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যেকোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে।
ব্রিফিংয়ে নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সরকারের প্রধান দায়িত্ব। কিন্তু সরকারের যথাযথ ও দৃশ্যমান পদক্ষেপের অভাবে ফ্যাসিবাদী শক্তি অপতৎপরতা চালানোর সুযোগ পেয়েছে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না করায় ফ্যাসিবাদবিরোধী ঐক্যে বিভক্তি তৈরি হয়েছে।
তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। জনগণ জীবন দিয়ে স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করবে এবং দেশপ্রেম নিয়ে সব ষড়যন্ত্র মোকাবিলা করবে। কোন দল ক্ষমতায় থাকবে, সেটি মুখ্য নয়; জনগণকে রক্ষা করা, তাদের অধিকার নিশ্চিত করা এবং জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নই মূল লক্ষ্য।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১১ দল জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে ঐক্যবদ্ধভাবে সব ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করবে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন