জমি নিয়ে বিরোধে যুবদল নেতাসহ একই পরিবারের চারজনকে কুপিয়ে জখম, ১২ জনের বিরুদ্ধে মামলা
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
গাইবান্ধার সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে তারাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, তাঁর বাবা, এক ভাই ও ভাতিজিকে মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী আবু তালেব (৬৬)।
রোববার (২২ নভেম্বর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা মামলার বিষয়টি নিশ্চিত করেন।
মামলার বাদী আবু তালেব উপজেলার তারাপুর ইউনিয়নের নিজামখাঁ গ্রামের মৃত আফর উদ্দিনের ছেলে। তাঁর ছেলে আবুল কালাম আজাদ তারাপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
মামলার আসামিরা হলেন- আইয়ুব আলী (৪৭), মঞ্জুল হক (৫০), আরিফুল ইসলাম (২৫), আতিক মিয়া (১৮), হাবিবুর রহমান (৩০), মোর্শেদা বেগম (২৬), আতাউর রহমান (৫৭), মাইদুল ইসলাম (৪০), আশিকুর ডাক্তার (৩৭), রায়হান মিয়া (১৮), হালিমা বেগম (৪৭) ও আঞ্জুয়ারা বেগম (৪০)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিজামখাঁ মৌজায় ১২ শতক জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন আবু তালেব। কিছুদিন ধরে একই এলাকার আইয়ুব আলী, মঞ্জুল হক ও তাঁদের লোকজন ওই জমি দখলের হুমকি দিয়ে আসছিলেন। এ ঘটনায় আদালতে মামলা করেন আবু তালেব। ওই মামলায় অভিযুক্তরা জমিতে না যাওয়ার মুচলেকা দিলেও পরে আবারও দখলের হুমকি দেন।
গত ১৫ নভেম্বর সকাল সাড়ে ৯টার দিকে আবু তালেব তাঁর দুই ছেলে আব্দুস সালাম ও আবুল কালাম আজাদকে নিয়ে ওই জমিতে হালচাষ করছিলেন। এ সময় অভিযুক্তরা লোহার রড, চাপাতি, দা, কুড়াল, বল্লম ও ছোরা নিয়ে সেখানে গিয়ে তাঁদের জমি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। প্রতিবাদ করলে তাঁদের ওপর হামলা চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহার অনুযায়ী, মঞ্জুল হকের ছোরার আঘাতে আব্দুস সালামের ডান পায়ের হাঁটুর নিচে এবং হাবিবুর রহমানের বল্লমের আঘাতে তাঁর বাম পায়ের হাঁটুর নিচে জখম হয়। আরিফুল ইসলামের চাপাতির আঘাতে আবুল কালাম আজাদের মাথায় আঘাত লাগে। পরে মাইদুল ইসলাম তাঁর বুকের ওপর বসে গলা চেপে ধরেন বলে অভিযোগ করা হয়েছে।
এ সময় স্কুলে যাওয়ার পথে ঘটনাস্থলে আসা আবু তালেবের নাতনি সুমাইয়া আক্তারকেও মারধর করা হয়। আইয়ুব আলীর ছুরির আঘাতে তার মাথার ডান পাশে জখম হয়। এ ছাড়া আরিফুল ইসলাম তার জামাকাপড় টানাহেঁচড়া করে শ্লীলতাহানি করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, হামলায় আবু তালেব নিজেও আহত হন। আতাউর রহমান তাঁর বুকের ওপর বসে গলা চেপে ধরেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন। আহত আবু তালেব, তাঁর দুই ছেলে ও নাতনিকে অটোরিকশায় করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে মামলার প্রধান আসামি আইয়ুব আলীর বাড়িতে গেলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
তবে অপর আসামিদের মধ্যে হামিদুল ইসলাম ও আশিকুর রহমান দাবি করেন, মামলার বাদী আবু তালেব তাঁদের জ্যাঠা। জমি নিয়ে বিরোধের ঘটনায় ওই জমির মালিকের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক নেই। জমি দখল করতে যাওয়ার আগে আবু তালেব তাঁদেরও সেখানে যেতে বলেছিলেন। কিন্তু জমি তাঁদের না হওয়ায় তাঁরা যাননি। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাঁদের মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তাঁরা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করার দাবি জানান।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, আবু তালেবের এজাহারের ভিত্তিতে ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন