নড়াইলে সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতার দেহরক্ষী আটক
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
নড়াইল পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরা এবং জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর দেহরক্ষী হুমায়ুন কবির তনুকে আটক করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় পৌরসভার রূপগঞ্জ বাঁধাঘাট এলাকা থেকে তাঁকে আটক করে নড়াইল সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর সহযোগিতায় জেলা প্রশাসকের কাছ থেকে নিশিনাথতলার সরকারি জমি ইজারা নিয়ে বসবাস করতেন হুমায়ুন কবির তনু।
পৌরসভার সাবেক মেয়র আঞ্জুমান আরার দেহরক্ষী থাকাকালে তিনি নড়াইলের বাঁধাঘাট এলাকায় বিভিন্ন পরিবহন থেকে টোল আদায় করে জীবিকা নির্বাহ করতেন।
অভিযোগ রয়েছে, বর্তমানে বিএনপির স্থানীয় কয়েকজন নেতা ও আইনজীবীর সহযোগিতায় বিএনপির পরিচয় ব্যবহার করে বাঁধাঘাট এলাকায় কাউন্টার ও টোলের ব্যবসা শুরু করেছেন তিনি।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাসেল সরোয়ার বলেন, হুমায়ুন কবির তনুর বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগ পাওয়ায় তাঁকে থানায় আনা হয়েছে। অভিযোগগুলো যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন