নিখোঁজের দুই দিন পর ধানক্ষেতে অটোরিকশাচালক কিশোরের মরদেহ উদ্ধার
ছবির ক্যাপশন
যোগফল প্রতিবেদক:
বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ হওয়ার দুই দিন পর নূর মোহাম্মদ ওরফে রাব্বি (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শনিবার (২১ নভেম্বর) ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের নসিরপুর এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত নূর মোহাম্মদ বগুড়ার শিবগঞ্জ উপজেলার পীরব গ্রামের খলিল প্রামাণিকের ছেলে। সে পেশায় অটোরিকশাচালক ছিল।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অটোরিকশা চালানোর জন্য বাড়ি থেকে বের হয় নূর মোহাম্মদ। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে শুক্রবার (২০ নভেম্বর) তার বাবা শিবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তিনি আরও বলেন, শনিবার সকালে ক্ষেতলালের নসিরপুর এলাকার একটি ধানক্ষেতে কিশোরের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
ক্ষেতলাল থানার ডিউটি অফিসার এএসআই আবু বকর সিদ্দিক বলেন, ময়নাতদন্ত শেষে নিহত কিশোরের মরদেহ তার বাবার কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ক্ষেতলাল থানায় একটি মামলা হয়েছে। তবে কী কারণে এবং কীভাবে ওই কিশোরের মৃত্যু হয়েছে, তা এখনো জানা যায়নি।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন