শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সরকার চাপে নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরে আসার ঘোষণা দিলেও সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং এ উপলক্ষে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন আসিব-আসিব বলিয়া কতদিন পার হবে, কোন দিন, একবার বলে নভেম্বর, একবার বলে ডিসেম্বর, আরেকবার বলে ১৬ তারিখ—এগুলোতে আমাদের মনোযোগ নেই। আমরা সব সময় সতর্ক আছি।’
তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েনও নিয়মিত কার্যক্রমের অংশ। কোথাও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা থাকলে তথ্যের ভিত্তিতে বিজিবিসহ অন্যান্য বাহিনীর সদস্যদের নিয়োজিত করা হয়।
শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তিনি দেশে ফিরতে পারেন। এ বিষয়ে ভারতকে কূটনৈতিক চ্যানেলে চিঠি দেওয়া হয়েছে। ভারত আইন অনুযায়ী বিষয়টি পরীক্ষা করে ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তার বিষয়ে তিনি বলেন, কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন এবং ষড়যন্ত্র করছেন। তারা সরকারের কঠোর নজরদারিতে রয়েছেন। কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।
আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার বিষয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি বিচারিক প্রক্রিয়ার ওপর নির্ভর করছে। সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের মাধ্যমে দল হিসেবে আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের বিচার করার সুযোগ তৈরি হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে এবং তা শেষ পর্যায়ে রয়েছে।
তিনি আরও বলেন, তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল ও বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হলে আদালত আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। সে ক্ষেত্রে দলকে স্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য নিষিদ্ধ করা এবং সংগঠনের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো বিধান রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত করেছে।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন