চৌদ্দগ্রামে এনসিপি নেতার ব্যানার লাগাতে গিয়ে তিনতলা থেকে পড়ে যুবক আহত
ছবির ক্যাপশন
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিবের ব্যানার লাগাতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মো. হোসেন নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধোড়করা বাজারের কাজী শহীদ মার্কেটে এ দুর্ঘটনা ঘটে। আহত হোসেন পাশের নোয়াপুর গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় ধোড়করা বাজারের চিওড়া-ঢালুয়া সড়কের পাশে অবস্থিত কাজী শহীদ মার্কেটের তৃতীয় তলায় রশি দিয়ে এনসিপি নেতা সালাউদ্দিন খান রাজিবের একটি ব্যানার লাগানোর চেষ্টা করছিলেন হোসেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
এ বিষয়ে বুধবার চৌদ্দগ্রাম উপজেলা এনসিপির সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব বলেন, ‘আমি ঘটনাস্থলে ছিলাম না। দুর্ঘটনার খবর পাওয়ার পর দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তাকে ঢাকার জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চলছে।’
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন