রাজশাহীতে ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার, ভাই-বোনসহ গ্রেপ্তার ৪
নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগরীর উপকণ্ঠ নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি টাকা মূল্যের ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় ভাই-বোন ময়না বেগম ও শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে এসআরবি-৫-এর একটি দল রাজশাহীর শাহ মখদুম থানার নওদাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তার দুজনের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার রামনগর মহল্লায়।
একই দিনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার হাটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন ও অস্ত্র কেনাবেচার ১ লাখ ৪০ হাজার ৭০০ টাকাসহ হাসান আলী ও আব্দুর রহিম নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সংবাদ সম্মেলনে এসব অভিযানের বিস্তারিত তুলে ধরেন এসআরবি-৫ রাজশাহীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল ইসতিয়াক।
তিনি জানান, শিবগঞ্জের হাটপাড়া এলাকায় হাসান আলী ও আব্দুর রহিমকে গ্রেপ্তারের পর তাদের বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আরও তিনটি মামলা রয়েছে।
অন্যদিকে, নওদাপাড়া থেকে হেরোইনসহ গ্রেপ্তার ময়না বেগম ও শাহাদাত হোসেনের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।
সংবাদ সম্মেলনে গত ছয় মাসের অভিযানসংক্রান্ত তথ্যও তুলে ধরে এসআরবি। জানানো হয়, এ সময়ে ১৭টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭১ রাউন্ড গুলি, ২৫৫টি ককটেল ও প্রায় ১৬ কেজি গানপাউডার উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৯ জনকে।
এ ছাড়া একই সময়ে প্রায় ৪০ কেজি হেরোইন, ৫ হাজার বোতল ফেনসিডিল, ২৭ হাজার ইয়াবা, ৫০৬ কেজি গাঁজা ও ১৬ হাজার পিস অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করেছে বাহিনীটি।
তুলি আক্তার/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন