শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ডিসেম্বরে
ছবি: সংগৃহীত
যোগফল প্রতিবেদক:
ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে কিছুটা পার্থক্য রয়েছে।
প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবে। এ সময় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।
মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।
কলেজে টানা ১৮ দিনের ছুটি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে।
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।
মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি
সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৫ দিনের অবকাশ পাবেন।
এদিকে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। প্রয়োজন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।
তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম



আপনার মতামত লিখুন