খুঁজুন
advertisement
advertisement
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ, ১৪৩৩

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ডিসেম্বরে

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ২:৫১ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা  ছুটি ডিসেম্বরে

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

ডিসেম্বরে শীতকালীন অবকাশ ও বড়দিন উপলক্ষে টানা দীর্ঘ ছুটি পাচ্ছেন দেশের বিভিন্ন স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ১২ দিন, মাদরাসায় ১৫ দিন এবং কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৮ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানভেদে ছুটি শুরুর ও শেষের তারিখে কিছুটা পার্থক্য রয়েছে।

প্রাথমিক বিদ্যালয়ে ১২ দিনের ছুটি

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে শীতকালীন অবকাশ থাকবে। এর আগে ১৮ ও ১৯ ডিসেম্বর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা টানা ১২ দিনের ছুটি ভোগ করবে। এ সময় ২৫ ডিসেম্বর বড়দিনের ছুটিও অন্তর্ভুক্ত রয়েছে।

মাধ্যমিক বিদ্যালয়েও ১২ দিনের ছুটি

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়েও ২০ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত শীতকালীন অবকাশ নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ১৮ ও ১৯ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানেও টানা ১২ দিনের ছুটি মিলবে।

কলেজে টানা ১৮ দিনের ছুটি 

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের কলেজ শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, কলেজ ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে ১৭ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ছুটি থাকবে। এর আগে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের ছুটি রয়েছে।

৩১ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় পরবর্তী দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে বিজয় দিবস থেকে শুরু করে সাপ্তাহিক ছুটিসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৮ দিনের ছুটি পাবেন।

মাদরাসায় টানা ১৫ দিনের ছুটি

সরকারি ও বেসরকারি স্বতন্ত্র ইবতেদায়ি, দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসায় ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত ছুটি নির্ধারণ করা হয়েছে। ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি মিলিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা টানা ১৫ দিনের অবকাশ পাবেন।

এদিকে ২০২৬ সালের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নির্ধারিত ছুটির তালিকায় প্রতিষ্ঠানপ্রধানের হাতে সংরক্ষিত দুই দিনের ছুটিও রয়েছে। প্রয়োজন অনুযায়ী কোনো প্রতিষ্ঠান এ ছুটি ব্যবহার করলে শিক্ষক-শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের চেয়ে আরও দুই দিন বেশি ছুটি পেতে পারেন।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম

advertisement
advertisement

আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে দেশে ফেরাল বিজিবি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
আরাকান আর্মির হাতে আটক ৪১ জেলেকে দেশে ফেরাল বিজিবি

কক্সবাজার জেলা সংবাদদাতা

আবু মুসা । কক্সবাজার জেলা সংবাদদাতা

কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক ৪১ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখা থেকে তাঁদের গ্রহণ করে টেকনাফ জেটিঘাটে নিয়ে আসে।

বিজিবি সূত্রে জানা গেছে, বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অনিচ্ছাকৃতভাবে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেন বেশ কয়েকজন বাংলাদেশি জেলে। এ সময় তাঁদের আটক করে আরাকান আর্মি। পরে মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন স্থানে কিংবা কারাগারে তাঁদের আটক রাখা হয়।

আটক জেলেদের পরিবারের দুর্ভোগ ও মানবিক পরিস্থিতি বিবেচনায় তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিজিবি ধারাবাহিকভাবে উদ্যোগ গ্রহণ করে। এরই অংশ হিসেবে সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে আটক জেলেদের প্রত্যাবর্তনের ব্যবস্থা করা হচ্ছে।

বৃহস্পতিবার ফেরত আনা ৪১ জেলের পরিচয় যাচাইয়ের কার্যক্রম স্থানীয় উপজেলা প্রশাসনের প্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে চলমান রয়েছে। পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজিবির তথ্য অনুযায়ী, আজ ফেরত আসা ৪১ জনসহ ২০২৬ সালে এ পর্যন্ত মোট ৩২৩ জন আটক বাংলাদেশি জেলেকে মিয়ানমার থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। তাঁদের অধিকাংশই গভীর সমুদ্রে মাছ শিকার শেষে ফেরার পথে আটক হয়েছিলেন। অবশিষ্ট আটক জেলেদেরও নিরাপদে দেশে ফিরিয়ে আনতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এ বিষয়ে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সব সময় দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। মানবিক সংকট মোকাবিলায় বিজিবির পেশাদারত্ব, আন্তরিকতা ও কার্যকর সমন্বয়ের মাধ্যমে আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বিজিবির মহাপরিচালকের ‘বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’—এই ভিশনকে ধারণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সংবিধান ও আইনের আলোকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আটক জেলেদের দেশে ফিরিয়ে আনার এ উদ্যোগে তাঁদের পরিবার-পরিজনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মানবিক বিবেচনায় এটি সীমান্ত ব্যবস্থাপনা ও বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবর্তনের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:০৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বেলকুচিতে প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা

মনজুরুল ইসলাম । সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা
 
রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান। 
এসময় উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা নবাগত সহকারী কমিশনার ভূমি নুঝাত তাবাসসুম, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা আশরাফুন্নাহার মৌসুমি, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক আহবায়ক নূরুল ইসলাম গোলাম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য গোলাম আজম, পৌর বিএনপির সাবেক আহবায়ক আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার জহুরুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ, উপজেলা মৎস্য কর্মকর্তা আল মাসুদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আব্দুল খালেক, বেলকুচি রিপোর্টার্স ক্লাব এর সভাপতি রেজাউল করিম সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার সফল গবাদিপশু ও হাঁস-মুরগির খামারিরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং পুষ্টি চাহিদা পূরণে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের গবাদিপশু পালন, নিয়মিত টিকাদান এবং নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে প্রাণিজ পণ্য রপ্তানির বিশাল সম্ভাবনা তৈরি হয়েছে। এ লক্ষ্যে খামারিদের আরও সচেতন ও দক্ষ হয়ে ওঠার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় বেলকুচিতেও ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।

তানজিলা / অনলাইন ডেস্ক / যোগফল.কম

বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন পরিকল্পনা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ৭:১০ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে নতুন পরিকল্পনা

ছবি: সংগৃহীত

যোগফল প্রতিবেদক:

আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা ও প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে আধুনিক প্যাকেজিং, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সরাসরি সমন্বয়ের পরিকল্পনা নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন এবং দেশীয় কৃষিপণ্যের রপ্তানি আরও সম্প্রসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, আন্তর্জাতিক মান নিশ্চিত করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের আস্থা অর্জন করা গেলে বিশ্ববাজারে বাংলাদেশের কৃষিপণ্যের রপ্তানি আরও বাড়ানো সম্ভব হবে।

বৃহস্পতিবার রাজধানীর শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রীয় প্যাকিং হাউসের কার্যক্রম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষির আধুনিকায়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, মাটির গুণাগুণ ও পুষ্টিমান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ফসল উৎপাদন করতে হবে। মাটিতে ফসফরাস, জিংক, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের ঘাটতি নির্ণয় করে প্রয়োজন অনুযায়ী সার প্রয়োগ করা গেলে উৎপাদন উল্লেখযোগ্য হারে বাড়ানো সম্ভব।

এ লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলের মাটির পুষ্টিমানভিত্তিক মানচিত্র বা সয়েল ম্যাপিং তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি অঞ্চল ও মৌসুম অনুযায়ী উপযোগী ফসল চাষে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

বিদেশি ক্রেতাদের আস্থা অর্জনের বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের কৃষিপণ্যের নির্ভরযোগ্য অবস্থান তৈরি করা জরুরি। নিজস্ব সক্ষমতা বাড়ানোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেওয়া হলে বিদ্যমান বাজার সম্প্রসারণ এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ তৈরি হবে।

এ জন্য কেন্দ্রীয় প্যাকিং হাউসের প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দেন তিনি।

সভায় উপস্থাপিত প্রতিবেদন অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় প্যাকিং হাউসের মাধ্যমে মোট ৫ হাজার ২৫৭ দশমিক ৪১ মেট্রিক টন কৃষিপণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে তাজা ফল ৩ হাজার ১০৫ দশমিক ৯৯ মেট্রিক টন, তাজা শাকসবজি ১ হাজার ৯২৫ দশমিক ৮৩ মেট্রিক টন এবং মসলা ও অন্যান্য কৃষিপণ্য ২২৫ দশমিক ৫৯ মেট্রিক টন।

আগের অর্থবছরে রপ্তানির পরিমাণ ছিল ৪ হাজার ১৫৫ দশমিক ৪৯ মেট্রিক টন। সে হিসাবে এক বছরের ব্যবধানে কৃষিপণ্য রপ্তানি বেড়েছে প্রায় ২৬ দশমিক ৫ শতাংশ।

রপ্তানিকৃত ফলের মধ্যে শীর্ষে রয়েছে আম, যার পরিমাণ ১ হাজার ৯৫ দশমিক ৯৯ মেট্রিক টন। এ ছাড়া কাঁঠাল ৭১৯ দশমিক ২২ মেট্রিক টন এবং লেবুজাতীয় ফল ৬৫২ দশমিক ৭৮ মেট্রিক টন রপ্তানি হয়েছে।

এ ছাড়া শিম, লাউ, কচুজাতীয় সবজি, পটোল, চিচিঙ্গা ও পেঁপেসহ বিভিন্ন কৃষিপণ্য যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, মাল্টা, সুইডেন, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও গ্রিসে রপ্তানি হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কেন্দ্রীয় প্যাকিং হাউস স্থাপনের আগে মানদণ্ডসংক্রান্ত অসংগতির কারণে ইউরোপীয় ইউনিয়ন থেকে প্রতিবছর গড়ে ১২০ থেকে ১৭০টি নন-কমপ্লায়েন্স নোটিফিকেশন আসত। বর্তমানে তা কমে ১৫ থেকে ২০টিতে নেমে এসেছে।

বিশেষ করে কঠোর মান নিয়ন্ত্রণ ও উদ্ভিদ স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা অনুসরণ করে ১ হাজার ৪৫৭টি চালানে প্রায় ১ হাজার ৯৫ মেট্রিক টন আম রপ্তানি করা হলেও কোনো নেতিবাচক নোটিফিকেশন আসেনি।

২০১৭-১৮ অর্থবছর থেকে প্রতিষ্ঠানটির মাধ্যমে শতভাগ কম্পিউটারাইজড ফাইটোস্যানিটারি সার্টিফিকেট দেওয়া হচ্ছে। পাশাপাশি নিজস্ব তালা ও সিলগালা ব্যবহারের মাধ্যমে বিমানবন্দর পর্যন্ত কৃষিপণ্যের নিরাপদ পরিবহন নিশ্চিত করা হচ্ছে।

এতে রাজস্ব আয়ও বেড়েছে। ২০২১-২২ থেকে ২০২৫-২৬ অর্থবছর পর্যন্ত ২১ হাজার ৫১৬টি সার্টিফিকেট প্রদানের মাধ্যমে ১ কোটি ১২ লাখ ৬৬ হাজার ২৩ টাকা রাজস্ব আয় হয়েছে। শুধু ২০২৫-২৬ অর্থবছরেই ৪ হাজার ৫০৪টি সার্টিফিকেট থেকে আয় হয়েছে ২৩ লাখ ৫৬ হাজার ১১০ টাকা।

মতবিনিময় সভা শেষে মন্ত্রী কেন্দ্রীয় প্যাকিং হাউসের বিভিন্ন পরীক্ষাগার পরিদর্শন করেন এবং টেকনিশিয়ানদের সঙ্গে কথা বলেন।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংগনিরোধ উইংয়ের অতিরিক্ত পরিচালক ড. আমিরুল বাহরাইন, ল্যাবরেটরি রূপান্তর প্রকল্পের পরিচালক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় প্যাকিং হাউসের ভারপ্রাপ্ত উপপরিচালক সজীব মুখার্জী, অতিরিক্ত উপপরিচালক আবু আহমেদ তারিফ এবং সংগনিরোধ কীটতত্ত্ববিদ সমর বাড়ৈসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তানজিলা/ অনলাইন ডেস্ক / যোগফল.কম