১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করল ফ্রান্স
শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ আনল ফ্রান্স।
শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও সুস্থ বিকাশ নিশ্চিত করতে ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ফ্রান্স। নতুন এ আইন অনুমোদনের মাধ্যমে ইউরোপের প্রথম দেশ হিসেবে বয়সভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে কঠোর পদক্ষেপ নিল দেশটি।
মঙ্গলবার (২১ জুলাই) ফ্রান্সের জাতীয় পরিষদ ও সিনেটে বিলটি পাস হয়। শিশু-কিশোরদের ওপর সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব নিয়ে দীর্ঘদিনের উদ্বেগের পরিপ্রেক্ষিতে সরকার এই আইন প্রণয়ন করেছে।
বিলটি পাস হওয়ার পর কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক জুনিয়র মন্ত্রী অ্যান লে হেনাফ বলেন, ‘ডিজিটাল প্রাপ্তবয়স্কতা’ ধারণা বাস্তবায়নের মাধ্যমে ইউরোপে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ফ্রান্স।
নতুন আইনে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর থেকে ১৫ বছরের কম বয়সী কোনো শিশু নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবে না। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে চার মাসের মধ্যে বিদ্যমান অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের অ্যাকাউন্ট অপসারণ করতে হবে।
এ ছাড়া সব প্ল্যাটফর্মকে ফ্রান্সের গোপনীয়তা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত বয়স যাচাই ব্যবস্থা (Age Verification System) চালু করতে হবে, যাতে প্রকৃত বয়স নিশ্চিত করা যায়।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দীর্ঘদিন ধরেই শিশুদের অতিরিক্ত স্ক্রিন টাইম ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন। তিনি চান, নতুন শিক্ষাবর্ষ শুরুর আগেই আইনটি পুরোপুরি কার্যকর হোক।
গত এপ্রিলের এক অনুষ্ঠানে ম্যাক্রোঁ তরুণদের উদ্দেশে বলেন, “আমরা তোমাদের এমন এক ডিজিটাল জঙ্গলে ছেড়ে দিয়েছি, যা তোমাদের মনোযোগ কেড়ে নিয়েছে। এখন সময় এসেছে গতি কমিয়ে দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে তোমাদের গড়ে তুলতে সাহায্য করার।”
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলো সাধারণত এ ধরনের বয়সভিত্তিক নিষেধাজ্ঞার বিরোধিতা করে থাকে। তাদের দাবি, তারা ইতোমধ্যেই ন্যূনতম বয়সসীমা কার্যকর করেছে এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের নিরাপত্তায় বিভিন্ন ব্যবস্থা চালু রয়েছে। তবে সরকার আইন করলে তা মেনে চলার প্রতিশ্রুতিও দিয়েছে বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
এদিকে শিশুদের অনলাইন নিরাপত্তা আরও জোরদারে বৃহত্তর নীতিমালা প্রণয়নের কাজ করছে ইউরোপীয় কমিশন। ফ্রান্সের নতুন আইনটি ইউরোপীয় ইউনিয়নের বিদ্যমান বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তাও পর্যালোচনা করা হবে।
উল্লেখ্য, ২০২৫ সালের ডিসেম্বরে ১৬ বছরের কম বয়সীদের জন্য দেশব্যাপী সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির গড়েছিল অস্ট্রেলিয়া। এবার ইউরোপে একই ধরনের আইন কার্যকর করে নতুন দৃষ্টান্ত স্থাপন করল ফ্রান্স।

আপনার মতামত লিখুন