মেসির বক্তব্য ঘিরে ‘ষড়যন্ত্র তত্ত্ব’, সব গুঞ্জন উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচিং স্টাফ
২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হতাশাজনক হারের পর আর্জেন্টিনা দলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়ে পড়েছে। বিশেষ করে ম্যাচের আগে ড্রেসিংরুমে লিওনেল মেসির দেওয়া একটি বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে এসব গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আর্জেন্টিনার কোচিং স্টাফ।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে স্পেনের বিপক্ষে নির্ধারিত ৯০ মিনিটে প্রতিপক্ষের গোলমুখে একটি শটও নিতে পারেনি আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে দুটি শট নিলেও তার একটিও লক্ষ্যে ছিল না। এমন নিষ্প্রভ পারফরম্যান্সের পরই দলটির ড্রেসিংরুম নিয়ে নানা জল্পনা শুরু হয়।
ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাঠে নামার আগে সতীর্থদের উদ্দেশে মেসি বলছেন, “সবাই শান্ত থাকো। শুধু খেলার কথাই ভাবি। অন্য সবকিছু ভুলে গিয়ে মাঠে মনোযোগ দাও।”
মেসির এই বক্তব্যের ‘অন্য সবকিছু ভুলে যাও’ অংশকে কেন্দ্র করে অনেকেই দাবি করেন, ম্যাচের আগে দলের ভেতরে কোনো অস্থিরতা বা অভ্যন্তরীণ সমস্যা ছিল। আবার কেউ কেউ এনজো ফার্নান্দেজের প্রথম দিকের হলুদ কার্ড কিংবা খেলোয়াড়দের গম্ভীর মুখভঙ্গিকেও সেই ধারণার সঙ্গে মিলিয়ে দেখানোর চেষ্টা করেন।
তবে আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো ফ্যাবিয়ান আয়ালা এসব গুঞ্জনের কোনো ভিত্তি নেই বলে স্পষ্ট জানিয়েছেন। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস-কে তিনি বলেন, “এসব কথা শুনে আমরা অবাক হই। মানুষ কীভাবে এমন গল্প তৈরি করে বুঝতে পারি না। বাস্তবে এমন কিছুই ঘটেনি, বরং সত্যি ঠিক উল্টো।”
স্পেনের শ্রেষ্ঠত্ব স্বীকার করে আয়ালা বলেন, “স্পেন আমাদের চেয়ে ভালো খেলেছে। বিষয়টি এতটাই সহজ। এর বাইরে অন্য কিছু খোঁজার প্রয়োজন নেই। মাঠের ফুটবল নিয়েই আলোচনা হওয়া উচিত।”
একই বিষয়ে মুখ খুলেছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনিও। নিজ শহর পুজাতোতে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব গুঞ্জনের বিষয়ে তিনি কিছুই জানেন না।
স্কালোনি বলেন, “আমি সামাজিক যোগাযোগমাধ্যম দেখি না। তাই এসব নিয়ে আমার কিছুই জানা নেই।”
দলের মধ্যে বিভক্তি বা অভ্যন্তরীণ দ্বন্দ্বের প্রশ্নে বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “আমি বিশ্বাসই করতে পারছি না, আপনারা কী বলছেন! আমাদের দল ঐক্যবদ্ধ ছিল। এই ছেলেরা দেশের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। সেটাই আলোচনার বিষয় হওয়া উচিত।”
বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পর আর্জেন্টিনা শিবিরে অস্থিরতার যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোচিং স্টাফের বক্তব্যে তা পুরোপুরি নাকচ হয়ে গেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন