দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্তে ১৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
সংগৃহীত ছবি
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশে পুশইনের চেষ্টা অব্যাহত রেখেছে। এবার দিনাজপুর ও ঝিনাইদহ সীমান্ত দিয়ে মোট ১৫ জনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলেও তা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ জুলাই) ভোরে পৃথক সময়ে দুই সীমান্তে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে বিজিবি।
খালিশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সীমান্তের ৫৫/এমপি সীমান্ত পিলারসংলগ্ন গেট দিয়ে ভারতের সিঙ্গামোড়া ৫৯ বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজন পুরুষ ও দুইজন নারীকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
তবে বিষয়টি বিজিবির নজরে আসার পর সদস্যরা তাৎক্ষণিকভাবে বাধা দেয়। বিজিবির অবস্থানের কারণে পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। বিষয়টি ইতোমধ্যে বিএসএফকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
এদিকে একই দিনে দিনাজপুর সীমান্তেও আরও ৯ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে। তবে সেখানেও বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফের সেই প্রচেষ্টা সফল হয়নি।
সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে দুই এলাকাতেই বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন