খুঁজুন
সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২ শ্রাবণ, ১৪৩৩

বাংলাদেশে আসতে মুখিয়ে মধুমিতা, ঢাকাই সিনেমায় অভিষেক

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ৮:৩৯ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বাংলাদেশে আসতে মুখিয়ে মধুমিতা, ঢাকাই সিনেমায় অভিষেক

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের। পরিচালক মোহাম্মদ ইকবালের নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’-র মাধ্যমে প্রথমবারের মতো ঢাকাই চলচ্চিত্রে দেখা যাবে ‘পাখি’খ্যাত এই অভিনেত্রীকে।

যদিও সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবে বিষয়টি নিশ্চিত করেছেন মধুমিতা নিজেই। কলকাতা থেকে মুঠোফোনে তিনি বলেন, বাংলাদেশে কাজ করার ইচ্ছা তার অনেক দিনের। নানা কারণে এতদিন তা সম্ভব হয়নি। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

মধুমিতার ভাষায়, “আমি খুবই এক্সাইটেড। অনেক বছর ধরেই বাংলাদেশে কাজ করার পরিকল্পনা ছিল। এবার সেই ইচ্ছা পূরণ হচ্ছে। শিগগিরই বাংলাদেশে আসছি।”

সম্প্রতি সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন জানিয়ে তিনি বলেন, গল্প ও চরিত্র দুটিই তাকে ভীষণ আকৃষ্ট করেছে। কলকাতায় নানা ধরনের চরিত্রে অভিনয় করলেও এমন চরিত্রে আগে কখনও কাজ করেননি।

জানা গেছে, ‘গুলশানের চামেলি’ সিনেমাটি রাজনীতি, ক্ষমতার অপব্যবহার এবং অভিজাত সমাজের অন্ধকার বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে। গল্পের কেন্দ্রে থাকবেন এক নারী, যিনি ক্ষমতার নির্মম খেলায় বারবার শিকার হন। সিনেমাটিতে প্রচলিত অর্থে কোনো নায়ক থাকছে না; পুরো গল্প আবর্তিত হবে নারী চরিত্রকে ঘিরে।

সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর বা ডিসেম্বরে শুরু হবে সিনেমাটির শুটিং। তবে মধুমিতার বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশে আসা নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে অভিনেত্রী বলেন, বাংলাদেশের দর্শকদের ভালোবাসা তিনি বহু আগ থেকেই অনুভব করেন। বিশেষ করে ‘বোঝে না সে বোঝে না’ ধারাবাহিকের সময় থেকেই এ দেশের দর্শকদের সাড়া পেয়েছেন।

তিনি বলেন, “আজ আমি যে ভালোবাসা পেয়েছি, তার বড় একটি অংশই বাংলাদেশের দর্শকদের কাছ থেকে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তাদের সঙ্গে দেখা করার জন্য আমি উদগ্রীব হয়ে আছি।”

বাংলাদেশের নাটক, ওয়েব কনটেন্ট ও সিনেমাও নিয়মিত দেখেন মধুমিতা। তার পছন্দের তালিকায় রয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিপড়াবিদ্যা’, ‘টেলিভিশন’ ও ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, পাশাপাশি গিয়াস উদ্দিন সেলিমের ‘মনপুরা’।

এছাড়া বাংলাদেশের শিল্পীদেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। মধুমিতা জানান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর অভিনয় তার ভীষণ পছন্দ। ভবিষ্যতে তাদের সঙ্গে কাজ করার ইচ্ছা রয়েছে। একই সঙ্গে সুযোগ পেলে ঢালিউড সুপারস্টার শাকিব খানের সঙ্গেও অভিনয় করতে চান তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালে এনটিভিতে প্রচারিত ‘মেঘবালিকা’ নাটকে অভিনয় করলেও ‘গুলশানের চামেলি’-ই হতে যাচ্ছে ঢাকাই চলচ্চিত্রে মধুমিতা সরকারের প্রথম সিনেমা।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

নরসিংদীর শিবপুরে বিষ প্রয়োগে তিনটি গরু হত্যা, প্রায় ২ লাখ টাকার ক্ষতি

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
নরসিংদীর শিবপুরে বিষ প্রয়োগে তিনটি গরু হত্যা, প্রায় ২ লাখ টাকার ক্ষতি

ছবিতে মৃত গরু




আবু নাঈম রিপন | নরসিংদী জেলা প্রতিনিধি :

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের দড়িপাড়া গ্রামে বিষ প্রয়োগে তিনটি গরু হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামারির প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রবিবার (২৬ জুলাই) সকালে গ্রামের রাজমিস্ত্রি মো. স্বপন মিয়া (৪২) প্রতিদিনের মতো গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে দেখতে পান, তার পালিত দুটি বাছুর ও একটি গাভিন গরু মৃত অবস্থায় পড়ে রয়েছে।

খবর পেয়ে শিবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে গরুগুলো পরীক্ষা-নিরীক্ষা করেন। প্রাথমিকভাবে তিনি জানান, বিষক্রিয়ার কারণেই গরুগুলোর মৃত্যু হয়েছে। তবে কে বা কারা রাতের আঁধারে গরুগুলোকে বিষ প্রয়োগ করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন করেন।

এদিকে, গরুর মালিক মো. স্বপন মিয়া জানান, বিভিন্ন আইনি জটিলতার আশঙ্কায় তিনি শিবপুর মডেল থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করতে আগ্রহী নন।

স্থানীয়দের দাবি, ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

যোগফল অনলাইন নিউজ ডেস্ক 

বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৬ জুলাই ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
বহিরাগত নয়, নোবিপ্রবির শিক্ষককেই ট্রেজারার চান শিক্ষার্থীরা

ছবিতে কর্মসূচির অংশ


নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবিতে) ট্রেজারার পদে বহিরাগত নয়, নিজ ক্যাম্পাসের শিক্ষক পরিষদ থেকেই ট্রেজারার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের যোগ্য শিক্ষককে ট্রেজারার হিসেবে নিয়োগের দাবি জানান।

রবিবার ( ২৬ জুলাই ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা এ দাবি সংক্রান্ত বিভিন্ন ফেস্টুন প্রদশর্ন করেন।


শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদটি শূন্য রয়েছে। ফলে প্রতিনিয়ত নানা জটিলতা দেখা দিচ্ছে, ব্যাহত হচ্ছে বিভিন্ন কার্যক্রম। দক্ষ অ্যাকাডেমিশিয়ান, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ ও জুলাই আন্দোলনে সাহসী ভূমিকা রাখা শিক্ষকদের প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয় থেকে পদটিতে নিয়োগের দাবি জানান তারা।  

তারা বলেন, নিজ বিশ্ববিদ্যালয়ে ভিসি হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষক থাকা সত্ত্বেও বহিরাগত শিক্ষককে কেন এখানে ট্রেজারার পদে নিয়োগ দিতে হবে। যে সকল শিক্ষক বিগত দিনে ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে থেকে নেতৃত্বে দিয়েছে, বিগত দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করেছে, তাদেরকে মূল্যায়নের সময় এসেছে এখন। শিক্ষার্থীদের দাবি,
বাইরের বিশ্ববিদ্যালয় থেকে কোন ট্রেজারার নিয়োগ দেওয়া হলে প্রতিষ্ঠানের প্রতি তাদের দায়বদ্ধতা কম থাকে। এবং নিজ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অবমূল্যায়ন করা হয়।

এছাড়াও নতুন কেউ দায়িত্বপ্রাপ্ত হলে প্রতিষ্ঠানের পরিবেশ বুঝতে বুঝতে তার অনেক সময় অতিবাহিত হয়, ফলে বুঝতে বুঝতে চাকুরির মেয়াদ শেষ হয়ে আসার পর তিনি আবার চলে যান। তাই শিক্ষার্থীদের একটাই দাবি এই বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য লোককে ট্রেজারার নিয়োগ দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান প্রদর্শন করা হোক।

যোগফল অনলাইন ডেস্ক

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

বার্তা বিভাগ
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৬, ১:৫২ পূর্বাহ্ণ প্রতিবেদকের সকল নিউজ
সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

ছবি: সংগৃহীত

সৌদি আরবে আবাসন, সীমান্ত সুরক্ষা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে মোট ১৪ হাজার ৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়। গ্রেফতারদের মধ্যে ৭ হাজার ৪৩৭ জন আবাসন আইন, ৩ হাজার ৯৯১ জন সীমান্ত সুরক্ষা আইন এবং ৩ হাজার ৫৪২ জন শ্রম আইন ভঙ্গের অভিযোগে আটক হয়েছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ৩৩ জন ধরা পড়েছেন। আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন বা সহযোগিতা দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে আরও ১৮ জনকে।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ৩০ হাজারের বেশি ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। এর মধ্যে ১৩ হাজারের বেশি অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং বাকিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, অবৈধ অভিবাসীদের আশ্রয়, পরিবহন বা যেকোনো ধরনের সহযোগিতা করলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে বলে আবারও সতর্ক করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে এ ধরনের অপরাধের তথ্য গোপনীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম