শাপলা চত্বর হত্যাকাণ্ড: আসামির তালিকায় যেসব আ.লীগ নেতা
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করেছে প্রসিকিউশন।
সোমবার (২৭ জুলাই) সকাল পৌনে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। পরে ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।
অভিযোগপত্র দাখিলের সময় প্রসিকিউটর জহিরুল আমিন, মঈনুল করিম ও মার্জিনা রায়হান উপস্থিত ছিলেন।
প্রসিকিউশনের অভিযোগে শেখ হাসিনার পাশাপাশি তৎকালীন সরকারের একাধিক মন্ত্রী, প্রতিমন্ত্রী, আওয়ামী লীগের শীর্ষ নেতা, সাবেক পুলিশ ও র্যাব কর্মকর্তা, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা এবং গণমাধ্যম ও বিভিন্ন সংগঠনের কয়েকজন ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
আসামিদের মধ্যে রয়েছেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, শেখ ফজলুল করিম সেলিম, ড. আব্দুর রাজ্জাক, মাহবুব-উল আলম হানিফ, ড. হাসান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মনি, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ওমর ফারুক চৌধুরী, বেনজীর আহমেদ, জেনারেল (অব.) আজিজ আহমেদ, জিয়াউল আহসান, হারুন-অর-রশীদ, শাহরিয়ার কবির, ডা. ইমরান এইচ সরকার, মোজাম্মেল হক বাবু, ফারজানা রুপাসহ মোট ৪১ জন।
প্রসিকিউশন জানায়, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগপত্র ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।
তদন্ত সংস্থার তথ্য অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের চারটি স্থানে মোট ৫৮ জন নিহত হন। এর মধ্যে ঢাকায় ৩২ জন, নারায়ণগঞ্জে ২০ জন, চট্টগ্রামে ৫ জন এবং কুমিল্লায় একজন নিহত হওয়ার তথ্য তদন্তে উঠে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন