প্রধানমন্ত্রীর কিশোরগঞ্জ সফর, শুরু জোর প্রস্তুতি
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ আগস্ট কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন। এ সফরকে ঘিরে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রস্তুতি শুরু হয়েছে। সফরের অংশ হিসেবে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
প্রতিমন্ত্রী বলেন, দেশের মোট মৎস্য উৎপাদনের প্রায় ৪০ শতাংশ হয় বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে। এ অঞ্চলের মৎস্য উৎপাদন, সফল উদ্যোক্তা ও খামারিদের সম্ভাবনা জাতীয় পর্যায়ে তুলে ধরতেই কিশোরগঞ্জের কটিয়াদীকে উদ্বোধনী অনুষ্ঠানের জন্য নির্বাচন করা হয়েছে।
তিনি জানান, এতদিন জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হলেও এবার প্রধানমন্ত্রীর আগ্রহে এটি ঢাকার বাইরে আয়োজন করা হচ্ছে। নির্বাচনের পর এটিই হবে প্রধানমন্ত্রীর প্রথম কিশোরগঞ্জ সফর এবং জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানও এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে অনুষ্ঠিত হবে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, এটি শুধু একটি সরকারি অনুষ্ঠান নয়, কিশোরগঞ্জের জন্য একটি গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আয়োজন। এর মাধ্যমে জেলার ভাবমূর্তি যেমন উজ্জ্বল হবে, তেমনি মৎস্য খাতের সম্ভাবনাও জাতীয়ভাবে তুলে ধরা যাবে।
তিনি আরও জানান, অনুষ্ঠানের জন্য একাধিক স্থান পরিদর্শনের পর একটি ভেন্যু প্রাথমিকভাবে চূড়ান্ত করা হয়েছে। জাতীয় স্বার্থ বিবেচনায় স্থান নির্বাচন করা হয়েছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থে নয়।
প্রধানমন্ত্রী সফরকালে কটিয়াদীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি কিশোরগঞ্জ সদরেও পৃথক কর্মসূচিতে যোগ দেবেন বলে জানান প্রতিমন্ত্রী। সফলভাবে সফর সম্পন্ন করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
প্রস্তুতি সভায় পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন, জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন