ইউরোপীয় সেটে জমজমাট এনটিআরের ‘ড্রাগন’ শুটিং
ছবি: সংগৃহীত
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছেই। বর্তমানে হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে জোরকদমে চলছে সিনেমাটির শুটিং। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ছবির বিশাল ইউরোপীয় ধাঁচের সেট।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল উপহার দিতে রামোজি ফিল্ম সিটিতে নির্মাণ করা হয়েছে বিশাল এক ইউরোপীয় ব্যাকড্রপ। সেই সেটেই ধারণ করা হচ্ছে জুনিয়র এনটিআরের একাধিক হাইভোল্টেজ অ্যাকশন দৃশ্য, যা সিনেমাটির অন্যতম বড় আকর্ষণ হতে যাচ্ছে।
‘কেজিএফ’ ও ‘সালার’খ্যাত পরিচালক প্রশান্ত নীলের সঙ্গে এই প্রথম কাজ করছেন জুনিয়র এনটিআর। প্রশান্ত নীলের স্বাক্ষরধর্মী বিশাল ক্যানভাস ও লার্জার-দ্যান-লাইফ উপস্থাপনাকে সামনে রেখেই সাজানো হয়েছে ছবির অ্যাকশন সিকোয়েন্স।
সম্প্রতি প্রকাশিত টিজারে জুনিয়র এনটিআরকে দেখা গেছে ‘লুগার’ নামে এক ভয়ংকর আন্তর্জাতিক আততায়ীর চরিত্রে। ড্রাগ চক্র, রাজনীতি ও অপরাধকে ঘিরে এগোবে ছবির গল্প।
সিনেমাটিতে নারকোটিকস ব্যুরোর প্রধানের চরিত্রে অভিনয় করছেন বলিউড অভিনেতা অনিল কাপুর। এতে এনটিআরের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষই হবে ছবির অন্যতম আকর্ষণ। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রুক্মিণী বসন্ত ও আশুতোষ রানা।
সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মাঝামাঝি সময় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ড্রাগন’। এই সিনেমার কাজ শেষ করেই পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের নতুন পৌরাণিক অ্যাকশনধর্মী সিনেমার শুটিংয়ে যোগ দেবেন জুনিয়র এনটিআর।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন