এনসিপির সমাবেশস্থলের কাছে বোমা সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরের গাংনীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র নির্ধারিত পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একই দিনে এনসিপির নেতাদের ছবি সংবলিত কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধারের কয়েক ঘণ্টার ব্যবধানে সমাবেশস্থলের অদূর থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজিভর্তি একটি পরিত্যক্ত ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সমাবেশস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে ব্যাগটি পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে।
ব্যাগ খুলে ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পেয়ে নিরাপত্তার স্বার্থে সেটি থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সমাবেশস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে।
এর আগে একই দিন ভোরে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরপর দুটি ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া বস্তুটি পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় নেওয়া হয়েছে। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি কে বা কারা এটি সেখানে রেখে গেছে এবং দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, উভয় ঘটনাই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন