হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৮২৫
দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২৫ জনে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া সিলেট ও রংপুর বিভাগে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মারা যাওয়া ৮২৫ জনের মধ্যে ৭৩০ জনের মৃত্যু হয়েছে উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৫ জন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১১৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত হামের উপসর্গ পাওয়া গেছে ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের মধ্যে এবং নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৫ হাজার ৫৫৫ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন