চট্টগ্রামে আবারও শুরু এইচএসসি, প্রথম দিনেই অনুপস্থিত প্রায় দুই হাজার পরীক্ষার্থী
ছবি: সংগৃহীত
বন্যার কারণে দীর্ঘ ১৯ দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিনেই চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
সোমবার (২৭ জুলাই) চট্টগ্রাম শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে স্থগিত হওয়া পরীক্ষাগুলো আবার শুরু হয়। ভারী বর্ষণ ও ভয়াবহ বন্যার কারণে গত ৮ জুলাই থেকে পরীক্ষা বন্ধ ছিল। পরে ১৬ জুলাই আন্তঃশিক্ষা বোর্ড সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, পাঁচ জেলার মোট ৭৭ হাজার ৫৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৫ হাজার ৭৩১ জন পরীক্ষায় অংশ নেন। অনুপস্থিত ছিলেন ১ হাজার ৮২৫ জন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৩৫ শতাংশ।
বোর্ডের দৈনিক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মোট ১১৪টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টা থেকে চট্টগ্রামসহ সারা দেশে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে, আলিম পরীক্ষার্থীরা ইসলামের ইতিহাস, পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং তাজভিদ দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নেন। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (বিএমটি) পরীক্ষার্থীরা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট-১ বিষয়ের পরীক্ষায় অংশগ্রহণ করেন।
জেলাভিত্তিক তথ্যে দেখা গেছে, চট্টগ্রাম জেলায় ৫৬ হাজার ৫৮৭ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ২০২ জন অনুপস্থিত ছিলেন। কক্সবাজারে অনুপস্থিত ছিলেন ২৬৩ জন, রাঙামাটিতে ১০৯ জন, খাগড়াছড়িতে ১৫৪ জন এবং বান্দরবানে ৯৭ জন। চট্টগ্রাম জেলায় একজন পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রায় দুই সপ্তাহ পর পরীক্ষা পুনরায় শুরু হয়েছে। সব কেন্দ্রেই সার্বিক পরিবেশ স্বাভাবিক ও সন্তোষজনক ছিল।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন