লাল শাপলা দেখতে নেমে আর ফেরা হলো না কলেজছাত্রের
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা শাপলা বিলে বন্ধুদের সঙ্গে বনভোজনে গিয়ে পানিতে ডুবে রাকিবুল ইসলাম (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত রাকিবুল ইসলাম নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নের মাদ্রা গ্রামের দিনমজুর আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি নেছারাবাদ শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বনভোজন উপলক্ষে নেছারাবাদ থেকে প্রায় ৩০ জন স্কুল-কলেজপড়ুয়া তরুণ ভোরে সাতলা শাপলা বিলে বেড়াতে যান। জনতা বাজার এলাকায় ট্রলার রেখে তারা তিনটি নৌকায় করে বিলের ভেতরে ঘুরছিলেন।
প্রত্যক্ষদর্শী মো. এস এম ইউসুফুর রায়হান জানান, নৌকায় থাকা অবস্থায় লাল শাপলা দেখে রাকিবুল প্রথমবার পানিতে ঝাঁপ দেন এবং সাঁতরে ফিরে আসেন। কিছুক্ষণ পর আবার শাপলা তুলতে পানিতে নামলে তিনি পানির নিচে তলিয়ে যান।
দীর্ঘ সময় তাকে ভেসে উঠতে না দেখে বন্ধু ও স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাকিবুলের সঙ্গে থাকা বন্ধুরা জানান, দ্বিতীয়বার পানিতে নামার পর আর তাকে দেখা যায়নি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মাদ্রা গ্রামের ইউপি সদস্য সদানন্দ মণ্ডল বলেন, প্রথমবার পানিতে নেমে নিরাপদে উঠে এলেও দ্বিতীয়বার ঝাঁপ দেওয়ার পর রাকিবুল নিখোঁজ হয়ে যান। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
রাকিবুলের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন