নিষিদ্ধ হলেন নেইমার
ব্রাজিলিয়ান লিগে (ব্রাসিলেইরাও) সান্তোসের পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। চলতি মৌসুমে তৃতীয় হলুদ কার্ড দেখায় নিয়ম অনুযায়ী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি। ফলে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ২২তম রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সান্তোসকে।
গত শনিবার (২৫ জুলাই) ব্রাসিলেইরাওর ২০তম রাউন্ডে শাপেকোয়েন্সের বিপক্ষে ড্র করা ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৩০তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড় ব্রুনো তুবারাওয়ের ফাউলের শিকার হওয়ার পর রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় দুই প্রতিপক্ষ খেলোয়াড়কে ধাক্কা দেওয়ায় ম্যাচের রেফারি ফার্নান্দো আন্তোনিও মেন্দেস দে সালেস নাসিমেন্তো ফিলহো তাকে হলুদ কার্ড দেখান।
এটি ছিল চলতি লিগ মৌসুমে নেইমারের তৃতীয় হলুদ কার্ড। ব্রাসিলেইরাওর নিয়ম অনুযায়ী তিনটি হলুদ কার্ড জমা হলে পরবর্তী ম্যাচে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। সেই কারণে আগামী ৯ আগস্ট ভিলা বেলমিরো স্টেডিয়ামে অ্যাথলেটিকো-পিআরের বিপক্ষে ম্যাচে সান্তোসের জার্সিতে দেখা যাবে না এই ব্রাজিলিয়ান সুপারস্টারকে।
বিশ্বকাপ শেষে এটিই ছিল সান্তোসের হয়ে নেইমারের প্রথম লিগ ম্যাচ। ব্রাজিলের শেষ ষোলো থেকে বিদায়ের পর কয়েক দিনের বিশ্রাম নিয়ে ১৭ জুলাই অনুশীলনে ফেরেন তিনি এবং এরপর আবারও ক্লাবের হয়ে মাঠে নামেন।
তবে লিগে নিষিদ্ধ হলেও মহাদেশীয় প্রতিযোগিতা কোপা সুদামেরিকানায় খেলতে কোনো বাধা নেই নেইমারের। মঙ্গলবার নিজেদের মাঠে শেষ ষোলোর প্লে-অফের দ্বিতীয় লেগে ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালের মুখোমুখি হবে সান্তোস। প্রথম লেগে ৪-১ গোলের বড় জয় পাওয়ায় শেষ ষোলো নিশ্চিত করার পথে অনেকটাই এগিয়ে রয়েছে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাবটি।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন