২৭ বছর পর ফাঁস কারগিল যুদ্ধে ভারত-ইসরায়েলের গোপন সহযোগিতার তথ্য
ছবি:সংগৃহীত
কারগিল যুদ্ধের ২৭ বছর পর ভারতের সঙ্গে ইসরায়েলের গোপন প্রতিরক্ষা সহযোগিতার তথ্য প্রকাশ করেছেন ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক দুই কর্মকর্তা। তাদের দাবি, ১৯৯৯ সালের কারগিল যুদ্ধে পাকিস্তানি বাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ পাহাড়ি এলাকা পুনর্দখলে ভারতকে প্রযুক্তিগত ও সামরিক সহায়তা দিয়েছিল ইসরায়েল, যা যুদ্ধের গতিপথ বদলে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
কারগিল বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমসের সাবেক বেসামরিক কর্মসূচি ব্যবস্থাপক আমি এবং ইসরায়েলি বিমানবাহিনীর সাবেক যুদ্ধবিমানচালক ও মিরাজ স্কোয়াড্রনের সাবেক কমান্ডার শ্লোমো।
তাদের ভাষ্য অনুযায়ী, ১৯৯৬ সালে ভারত ও রাফায়েলের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির আওতায় ভারতের মিরাজ-২০০০ যুদ্ধবিমানে ইসরায়েলের তৈরি ‘লাইটেনিং’ লক্ষ্যনির্ধারণ ব্যবস্থা সংযোজনের কাজ শুরু হয়। কারগিল যুদ্ধ শুরু হলে সেই প্রকল্প জরুরি সামরিক মিশনে রূপ নেয় এবং ভারতীয় বিমানবাহিনীর ‘অপারেশন সফেদ সাগর’ ও সেনাবাহিনীর ‘অপারেশন বিজয়’-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সাবেক কর্মকর্তাদের দাবি, যুদ্ধ চলাকালে ইসরায়েল একটি বিশেষজ্ঞ দল ভারতে পাঠায়। তারা ভারতীয় বিমানঘাঁটিতে দিন-রাত কাজ করে মিরাজ-২০০০ যুদ্ধবিমান, ইসরায়েলি লক্ষ্যনির্ধারণ প্রযুক্তি এবং যুক্তরাষ্ট্রের তৈরি লেজারনির্দেশিত বোমার সমন্বয় নিশ্চিত করেন। এর ফলে ভারতীয় বিমানবাহিনী আরও নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে সক্ষম হয়।
শ্লোমোর দাবি, বিশেষ করে টাইগার হিলে ভারতীয় বিমানবাহিনীর সফল হামলা যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, সেই অভিযানের সাফল্য তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গিয়েছিল।
সাক্ষাৎকারে দুই কর্মকর্তা আরও জানান, ১৯৯৬ থেকে ২০০৪ সালের মধ্যে ভারত ও ইসরায়েলের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর হয়। তাদের মতে, ওই সময়ের সহযোগিতা শুধু সামরিক ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও আরও দৃঢ় করে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন