খুলনায় রেলস্টেশনের সামনে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার
খুলনা মহানগরীর আড়ংঘাটা থানার রেলস্টেশনের সামনে থেকে ইমন (২১) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ইমন আড়ংঘাটা থানার সোবহান শেখের ছেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহটি ঘটনাস্থলে ফেলে রেখে যায়। তবে হত্যার কারণ এবং এর সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হালিমুর ইসলাম জানান, স্থানীয়রা রেলস্টেশনের সামনে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ঘটনার পরপরই এলাকাটি ঘিরে তদন্ত শুরু হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা, আশপাশের তথ্য-উপাত্ত সংগ্রহ এবং সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন