সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম
ছবি: সংগৃহীত
তেলুগু চলচ্চিত্রের প্রবীণ অভিনেত্রী পাবলা শ্যামল আর নেই। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন এই অভিনেত্রী। রাত ১টা ৫২ মিনিটে তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শেষকৃত্যের বিষয়ে এখনো পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
তিন দশকেরও বেশি সময় ধরে তেলুগু সিনেমায় সহ-অভিনেত্রী হিসেবে কাজ করে দর্শকদের ভালোবাসা অর্জন করেন পাবলা শ্যামল। তবে জীবনের শেষ কয়েক বছর ছিল বেশ কষ্টের। অসুস্থ মেয়ের দেখাশোনা, আর্থিক সংকট এবং নিজের শারীরিক অসুস্থতা মিলিয়ে কঠিন সময় পার করছিলেন তিনি।
গত মে মাসে চিকিৎসার খরচ বহন করতে না পারায় একটি হাসপাতাল তাকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ তাকে উদ্ধার করলে তেলুগু ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের চেয়ারম্যান দিল রাজু ও তার টিম চিকিৎসার ব্যবস্থা করেন। এর আগেও বাসা ছাড়তে বাধ্য হওয়া এবং আশ্রয়কেন্দ্রে থাকার মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল তাকে।
অভিনয় জীবনে ‘গোলিমার’, ‘খাডগম’, ‘অন্ধ্রওয়ালা’, ‘বর্ষম’সহ অসংখ্য জনপ্রিয় সিনেমায় কৌতুকধর্মী চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন পাবলা শ্যামল। চিরঞ্জীবী, প্রভাস, জুনিয়র এনটিআর, পবন কল্যাণ ও আল্লু অর্জুনের মতো তারকাদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাথু বদলারা’ ছিল তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা।
তার মৃত্যুতে তেলুগু চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্র সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই বর্ষীয়ান অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন