মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত অন্তত ৮
রাজধানীর মিরপুরে মর্মান্তিক এক দুর্ঘটনায় মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের পেছনের সীমানা প্রাচীর ধসে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত সাত থেকে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে লাভ রোড-মন্দির রোড এলাকায় টিসিবির পণ্য সংগ্রহের সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে কলেজের পেছনের দেয়ালের পাশে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন সাধারণ মানুষ। হঠাৎ করেই সীমানা প্রাচীর ভেঙে পড়লে নারী-পুরুষসহ কয়েকজন দেয়ালের নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নাছিমা বেগমকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি মিরপুর-২ নম্বর জনতা হাউজিং এলাকার বাসিন্দা। নিহত অপর ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর হলেও তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দেয়াল ধসের ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া আহত হয়েছেন আরও কয়েকজন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, হাসপাতালে আনা দুইজনের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেছেন চিকিৎসক। তার মরদেহ মর্গে রাখা হয়েছে। নিহত অপর ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন