আজ ট্রাইব্যুনালে তোলা হবে সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে
ছবি: সংগৃহীত
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।
সংশ্লিষ্ট সূত্র এবং ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশানে নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আবদুল লতিফ সিদ্দিকীকে ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে।
এর আগে গত সোমবার ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শাপলা চত্বরের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
একই আদেশে পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আবদুল লতিফ সিদ্দিকী ওই পলাতক আসামিদের একজন ছিলেন। পাশাপাশি বিভিন্ন মামলায় কারাগারে থাকা ১০ আসামিকে এ মামলায় ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশও দেন আদালত।
ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ৪১ আসামির বিরুদ্ধেই আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযোগ গঠনের মাধ্যমে মামলার বিচার কার্যক্রম শুরু হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন