সন্তানকে সম্পত্তি দিলেও অধিকার থাকবে বাবা-মায়ের
ছবি: সংগৃহীত
সন্তানের নামে সম্পত্তি লিখে দেওয়ার পরও বাবা-মা যেন জীবদ্দশায় সেই সম্পত্তির ভোগদখলের অধিকার ধরে রাখতে পারেন, সে লক্ষ্যে ‘সম্পত্তি হস্তান্তর আইন’ (Transfer of Property Act) সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
আইনমন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনের মাধ্যমে সম্পত্তি-সংক্রান্ত পারিবারিক বিরোধ ও দেওয়ানি (সিভিল) মামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। বর্তমানে আদালতে দায়ের হওয়া অনেক মামলাই সম্পত্তির মালিকানা, বণ্টন ও হিসাব-নিকাশ নিয়ে সৃষ্টি হয়।
তিনি বলেন, মুসলিম আইনে হেবা, হিন্দু আইনে উইল এবং মুসলিম আইনে ওয়াসিয়তনামা-র বিধান রয়েছে। তবে বিদ্যমান হেবা ব্যবস্থায় বাবা-মা সন্তানকে সম্পত্তি হস্তান্তর করলেই সঙ্গে সঙ্গে সেই সম্পত্তির ওপর তাদের নিয়ন্ত্রণ শেষ হয়ে যায়। ফলে অনেক ক্ষেত্রেই তারা পরবর্তী সময়ে সন্তানের ওপর নির্ভরশীল হয়ে পড়েন এবং অবহেলার শিকার হলেও আইনি সুরক্ষার সুযোগ সীমিত থাকে।
আইনমন্ত্রী জানান, এ সমস্যার সমাধানে সরকার ‘ইউসুফ্রাক্ট রাইট’ (জীবনস্বত্ব) যুক্ত করার বিষয়টি বিবেচনা করছে। ১৯৬৩ সালের পাকিস্তান সুপ্রিম কোর্টের একটি রায়ের আলোকে সম্পত্তি হস্তান্তর আইনে এ বিধান সংযোজনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রস্তাবিত আইনের আওতায় বাবা-মা সন্তানকে সম্পত্তি গিফট করলেও জীবদ্দশায় সেই সম্পত্তি ব্যবহার ও ভোগদখলের অধিকার নিজেদের কাছে রাখতে পারবেন। একই সঙ্গে বাবা-মায়ের জীবদ্দশায় উভয় পক্ষের সম্মতি ছাড়া ওই সম্পত্তি বিক্রি করা যাবে না। অর্থাৎ সন্তান এককভাবে বিক্রি করতে পারবে না, আবার বাবা বা মাও একাই বিক্রির সিদ্ধান্ত নিতে পারবেন না।
তবে বিশেষ প্রয়োজনে আদালতের মাধ্যমে ব্যতিক্রমী ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে। আইনমন্ত্রীর ভাষ্য, যদি কোনো বাবা-মায়ের জরুরি চিকিৎসার জন্য সম্পত্তি বিক্রি প্রয়োজন হয় এবং সন্তান এতে সম্মতি না দেয়, তাহলে জেলা জজের কাছে আবেদন করা যাবে। বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে আদালতের।
আইনমন্ত্রী আশা প্রকাশ করেন, এই সংশোধন কার্যকর হলে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধ কমবে, দেওয়ানি মামলার চাপ হ্রাস পাবে এবং বাবা-মায়ের অধিকার আরও সুরক্ষিত হবে।
এ সময় তিনি আরও জানান, বাগেরহাটে কোস্টগার্ডের বিরুদ্ধে ওঠা গুম (এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স) অভিযোগেরও নিরপেক্ষ তদন্ত করবে সরকার।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন