তটিনী-পার্থর ‘অমর প্রেম’
ছোট পর্দায় নতুন জুটি হিসেবে দর্শকদের মন জয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী ও পার্থ শেখ। তাদের অভিনীত নাটক ‘অমর প্রেম’ মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। গল্প, অভিনয় এবং দুজনের পর্দার রসায়ন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ব্যাপক আলোচনা।
জাহিদুল ইসলাম সুজন পরিচালিত নাটকটিতে তটিনী ও পার্থকে এক ভিন্নধর্মী প্রেমের গল্পে দেখা গেছে। নাটকটি প্রকাশের পর দর্শকদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেক তারকাও নতুন এই জুটির অভিনয়ের প্রশংসা করেছেন।
জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব নিজের ফেসবুক পোস্টে পার্থ শেখকে অভিনন্দন জানিয়ে লেখেন, “পর্দা খুঁজে পেল আরও একজন তারকাকে। অভিনন্দন, ছোট ভাই। তোমার জন্য রইল অফুরন্ত সাফল্য, ভালোবাসা আর প্রাপ্য সব করতালি।”
অভিনেতা ফারহান আহ
মেদ জোভানও পার্থকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া নির্মাতা ইমরাউল রাফাত, জাকারিয়া সৌখিন, রাফাত মজুমদার রিংকু, ইমরোজ শাওন, হাসিব হোসেন রাখি, রিফাত আদনান প্রত্যয়, মাসরিকুল আলম, ফারুক আহমেদ রেহান, সেলিম রেজা, আরমান আহমেদ প্রত্যয় এবং এস আর মজুমদার নতুন এই জুটির সাফল্য কামনা করেছেন।
প্রায় সাত মাস বিরতির পর ‘অমর প্রেম’ দিয়েই অভিনয়ে ফিরেছেন পার্থ শেখ। বিয়ের পর ব্যক্তিগত কারণে কিছুদিন অভিনয় থেকে দূরে থাকলেও প্রত্যাবর্তনের প্রথম কাজেই দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ফলে নাটকটি তার অভিনয় জীবনের নতুন অধ্যায়ের সফল সূচনা হিসেবে দেখা হচ্ছে।
সিএমভি প্রযোজিত এই নাটকে তটিনী ও পার্থর পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, শতাব্দী ওয়াদুদ, লুৎফর রহমান জর্জ, রাশেদ মামুন অপুসহ আরও অনেকেই।
নাটকটির দুটি গানে কণ্ঠ দিয়েছেন কনা ও রেহান রাসূল। গানগুলোর সুর ও সংগীত পরিচালনা করেছেন শাহরিয়ার মার্সেল, আর গীতিকার হিসেবে ছিলেন লুৎফর হাসান ও মাহবুব রহমান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন