৪৫০ বস্তা ডিএপি সার জব্দ, আটক ২৩
চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন কর্ণফুলী নদী ও বহির্নোঙর এলাকায় পৃথক অভিযানে ৪৫০ বস্তা ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সার এবং একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় আন্তর্জাতিক পাচারচক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২৩ জনকে আটক করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জব্দ করা ২২ হাজার ৫০০ কেজি বা ৪৫০ বস্তা ডিএপি সার মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। জব্দকৃত সারের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ ৭৫ হাজার টাকা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৩১ জুলাই) গভীর রাতে পতেঙ্গা বহির্নোঙর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে পাচারচক্রের ২৩ সদস্যকে আটক করা হয়।
আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে পতেঙ্গার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। সেখানে একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে গোপনে লুকিয়ে রাখা ৪৫০ বস্তা ডিএপি সার জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে কার্গো বোটে থাকা অন্য পাচারকারীরা পালিয়ে যায়।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিদের আন্তর্জাতিক সংঘবদ্ধ পাচারচক্রের সদস্য বলে জানা গেছে। জব্দ করা সার, কার্গো বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম বন্দর ও সীমান্তবর্তী এলাকায় চোরাচালান এবং সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন