ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় শিশুদের লুডু খেলাকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এতে হামদু মিয়া (৫৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার হরষপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হামদু মিয়া উপজেলার পাইকপাড়া গ্রামের বন্দেরহাটি এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে হামদু মিয়ার ছেলে নিরব (১১) ও একই গ্রামের আবুল ইসলামের ছেলে ইয়াসিন (১২) লুডু খেলাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে। এ সময় হামদু মিয়ার লাঠির আঘাতে ইয়াসিনের মাথায় আঘাত লাগে বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনার জেরে শনিবার সকালে আবুল ইসলামের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামদু মিয়ার বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ। এতে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে হামদু মিয়া ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত হন তার আট বছর বয়সী ছেলে হাসান।
এ ছাড়া সংঘর্ষে লিটন মিয়া (৩৫), এরশাদ (৪০), রেজু বেগম, ফারুক মিয়া, ইসলাম মিয়াসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন