মোটরসাইকেলে ‘বাউলি’ খেলতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল তিন যুবকের
কাইউম ইসলাম রাতুল, স্বাধীন ইসলাম ও লিমন হোসেন। ছবি: সংগৃহীত
রাজশাহীর মোহনপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ে মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ‘বাউলি’ করার সময় বালুবোঝাই ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিন যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮), তার বড় ভাই স্বাধীন ইসলাম (২২) এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (২২)।
পুলিশ জানায়, একটি মোটরসাইকেলে তিন যুবক মহাসড়কে ঝুঁকিপূর্ণভাবে ‘বাউলি’ করছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী দ্রুতগতির একটি বালুবোঝাই ডাম্প ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই রাতুল ও লিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় স্বাধীন ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ট্রাকটি শনাক্ত ও জড়িত চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।
শনিবার ময়নাতদন্ত শেষে তিনজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন