মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের জন্য সতর্কবার্তা
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতিকে ‘পরিবর্তনশীল’ এবং ইরানের কর্মকাণ্ডকে ‘অনিশ্চিত’ উল্লেখ করে নতুন নিরাপত্তা সতর্কবার্তা জারি করেছে জর্ডানের রাজধানী আম্মানে অবস্থিত মার্কিন দূতাবাস। খবর আল জাজিরার।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের চলাফেরা ও নিরাপত্তার বিষয়ে বাড়তি সতর্ক থাকতে হবে। পাশাপাশি সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা সাময়িক বন্ধ এবং আকস্মিক ভ্রমণ বিঘ্নের মতো পরিস্থিতির জন্য আগাম প্রস্তুত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মার্কিন দূতাবাসের দাবি, সাম্প্রতিক সময়ে ইরান কোনো পূর্ব সতর্কতা ছাড়াই মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে। এমনকি আগে লক্ষ্যবস্তু ছিল না—এমন এলাকাতেও হামলার ঝুঁকি বেড়েছে বলে সতর্ক করা হয়েছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অতীতে কোনো দেশে মার্কিন স্বার্থ, কূটনৈতিক স্থাপনা বা ব্যবসাপ্রতিষ্ঠান হামলার শিকার না হলেও ভবিষ্যতেও সেগুলো নিরাপদ থাকবে—এমন ধারণা করা ঠিক হবে না। তাই পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা এবং স্থানীয় কর্তৃপক্ষ ও মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।
বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে এবং প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন