ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন স্বাস্থ্যসেবায় অনিয়ম ও দায়িত্বে অবহেলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত থেকে শুরু করে চাকরিচ্যুতির মতো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১ আগস্ট) সকালে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে কাউকে আগাম না জানিয়ে হাসপাতালে পৌঁছে প্রায় তিন ঘণ্টা বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়, হাজিরা খাতা, বিভিন্ন নথিপত্র, ওষুধের স্টোর, হাসপাতালের পরিচ্ছন্নতা এবং রোগী ভর্তি ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের সঙ্গেও কথা বলেন এবং স্বাস্থ্যসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জুলাই অভ্যুত্থানের পর জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হলে শুধু সরকার নয়, পুরো দেশকেই এর মূল্য দিতে হবে। তাই সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, এতদিন সরকার ধৈর্য ও সংযম দেখিয়েছে। তবে এখন থেকে স্বাস্থ্যখাতে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না।
হাসপাতাল পরিদর্শন শেষে ভেদরগঞ্জের দুটি বেসরকারি প্রতিষ্ঠান—মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক এবং পপুলার ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিকেও অভিযান চালান স্বাস্থ্যমন্ত্রী। বৈধ লাইসেন্স না থাকায় দুটি প্রতিষ্ঠানই বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়।
এ সময় স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, শরীয়তপুরের সিভিল সার্জন এবং মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন