সাফে বাংলাদেশের প্রতিপক্ষ কারা? প্রকাশ হলো গ্রুপ
ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী, স্বাগতিক বাংলাদেশ ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে শ্রীলঙ্কা ও ভুটানের সঙ্গে। আর ‘বি’ গ্রুপে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।
শনিবার (১ আগস্ট) ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত ড্র অনুষ্ঠানে অংশ নেন সাফভুক্ত দেশগুলোর প্রতিনিধিরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সাফ সভাপতি কাজী সালাহউদ্দিনও।
এবারের আসরে সাফের সাত সদস্য দেশের মধ্যে নেপালকে রাখা হয়নি। ফিফার নিষেধাজ্ঞার কারণে দলটি ড্রয়ের বাইরে রয়েছে। তবে সাফ জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নেপালকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হতে পারে। সে ক্ষেত্রে আয়োজক বাংলাদেশকে অতিরিক্ত ম্যাচ খেলার সুযোগ দিতে নেপালকে ‘এ’ গ্রুপে রাখা হতে পারে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হয়নি।
২০০৩ সালে ঢাকায় শেষবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এরপর দীর্ঘ ২৩ বছর ধরে শিরোপার অপেক্ষায় রয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার নিজেদের মাঠে সেই আক্ষেপ ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।
আগামী ৪ থেকে ১৭ নভেম্বর বাংলাদেশেই অনুষ্ঠিত হবে দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই আসর।
গ্রুপ বিন্যাস:
গ্রুপ ‘এ’
বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভুটান
গ্রুপ ‘বি’
ভারত, মালদ্বীপ, পাকিস্তান
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন