২০ বছরের প্রবাসজীবনের ইতি, কফিনবন্দি হয়ে ফিরলেন জালাল
সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের প্রবাসী জালাল আহমদের (৪৪) মরদেহ দেশে ফিরেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে তার মরদেহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে নিজ গ্রামে নেওয়া হলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১২টার দিকে সংযুক্ত আরব আমিরাতের সারজাহ শহরে সড়ক পার হওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন জালাল আহমদ। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার চাচাতো ভাই, প্রবাসী এহসান, পরিবারের সদস্যদের মৃত্যুর খবর জানান।
নিহত জালাল আহমদ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের ইউনুস মার্কেট এলাকার বাসিন্দা এবং আবদুল মোনাফের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সংযুক্ত আরব আমিরাতে যৌথভাবে একটি গাড়ি মেরামতের কারখানা পরিচালনা করতেন।
জীবিকার সন্ধানে প্রায় ২০ বছর আগে প্রবাসে পাড়ি জমান জালাল। ২০১৫ সালে দেশে ফিরে বিয়ে করেন। তার সংসারে রয়েছে তিন সন্তান—আয়ান (৮), আরিয়ান (৩) ও মাত্র ছয় মাস বয়সী কন্যাশিশু আয়রা। পরিবারের সদস্যরা জানান, ছোট মেয়ের জন্মের আগেই তিনি শেষবারের মতো কর্মস্থলে ফিরে গিয়েছিলেন।
শনিবার বিকেলে স্থানীয় মসজিদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর উপস্থিতিতে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
নিহতের শ্যালক আজাদ বলেন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে স্ত্রী-সন্তানদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।
চন্দনাইশ উপজেলা যুবদলের আহ্বায়ক তরিকুল ইসলাম টুটুল জানান, জালালের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন