শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনসহ ৫ জন ১০ দিনের রিমান্ডে
চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার চার সহযোগীকে দুটি পৃথক মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রোববার (২ আগস্ট) সকালে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-৩ আদালতের বিচারক মোতাসিম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।
পুলিশ জানায়, ফটিকছড়ির দুটি হত্যা ও অস্ত্র মামলায় ডেভিড ইমনসহ পাঁচজনের বিরুদ্ধে ৭ দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট রায়হানুল ওয়াজেদ চৌধুরী জানান, হাটহাজারীর একটি হত্যা মামলায়ও ডেভিড ইমনকে গ্রেপ্তার দেখানোর (শোন অ্যারেস্ট) নির্দেশ দিয়েছেন অপর একটি আদালতের ম্যাজিস্ট্রেট মো. লোকমান চৌধুরী।
এর আগে গত মঙ্গলবার গভীর রাতে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোরের ঝিকরগাছা সীমান্তের ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমন ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে তাদের চট্টগ্রামে আনা হয়।
পুলিশের ভাষ্য, রাঙ্গুনিয়ায় যুবদল নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার সন্ত্রাসী ধামা ইলিয়াসের দেওয়া তথ্য, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অস্ত্রসহ ডেভিড ইমনকে আটক করা হয়।
পুলিশ সূত্রে আরও জানা গেছে, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম শহর ও জেলায় ৭টি হত্যা মামলাসহ চাঁদাবাজি, অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্তত ১৩টি মামলা রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তিনি শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা আদায় এবং টার্গেট কিলিংয়ের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন