রুনা লায়লার সুরে মুখর সিডনি, মুগ্ধ প্রবাসী বাংলাদেশিরা
উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার গান আর প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাসে জমে উঠল অস্ট্রেলিয়ার সিডনি। ‘বাংলাদেশ নাইট ২০২৬’ অনুষ্ঠানে সংগীত, নস্টালজিয়া ও বাঙালিয়ানার আবহে এক স্মরণীয় সন্ধ্যা কাটান হাজারো দর্শক।
শনিবার (১ আগস্ট) সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু। তিনি বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য পৌঁছে দিতে এমন আ
য়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সন্ধ্যার শুরু থেকেই উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে পুরো মিলনায়তন। পরিবার-পরিজন নিয়ে সিডনির বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে যোগ দেন অসংখ্য প্রবাসী বাংলাদেশি। দর্শকদের করতালি, শিল্পীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে গান গাওয়া এবং প্রাণবন্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান হয়ে ওঠে বর্ণিল।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন সংগীতজীবনের ৬০ বছর পূর্ণ করা কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। সাত সদস্যের ব্যান্ডের সঙ্গে তিনি পরিবেশন করেন তার জনপ্রিয় ও কালজয়ী গান। প্রতিটি পরিবেশনার পর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম।
রুনা লায়লার সঙ্গে মঞ্চে পরিবেশন করে বেঙ্গল সিম্ফনি। এছাড়া কোক স্টুডিও বাংলা-খ্যাত শিল্পী ইমন চৌধুরী, আলেয়া বেগম, পিন্টু ঘোষ, মিথুন চক্র ও মৃধা শিবলুও সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজনীন নেহা।
আয়োজকদের মতে, এটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের শেকড়, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সঙ্গে আবেগঘন পুনর্মিলনের এক উপলক্ষ। প্রবীণদের স্মৃতিচারণ, তরুণদের উচ্ছ্বাস এবং শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠানে তৈরি হয় প্রজন্মের মধ্যে এক অনন্য সেতুবন্ধন।
উল্লেখ্য, এর আগে ২০০৭ সালে সিডনি অপেরা হাউসে একক সংগীতানুষ্ঠান এবং ২০১৪ সালে ‘প্রবাস পরবনী বেঙ্গল সাংস্কৃতিক উৎসব’-এ অংশ নিয়েছিলেন রুনা লায়লা। দীর্ঘ বিরতির পর তার এই সফর প্রবাসী বাংলাদেশিদের মধ্যে নতুন করে উৎসাহ সৃষ্টি করেছে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সিডনিবাসীর আন্তরিক ভালোবাসা ও সহযোগিতাই ‘বাংলাদেশ নাইট ২০২৬’-কে স্মরণীয় করে তুলেছে।
এদিকে, ‘রুনা লায়লা অ্যান্ড বেঙ্গল সিম্ফনি লিগ্যাসি ট্যুর’-এর পরবর্তী কনসার্ট আগামী ৮ আগস্ট মেলবোর্ন রিসাইটাল সেন্টারে অনুষ্ঠিত হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন