গ্যাস সংকটে নোয়াখালীর সব সিএনজি স্টেশন বন্ধ, চরম ভোগান্তিতে চালক-যাত্রীরা
জাতীয় গ্রিডে তীব্র গ্যাস সংকটের কারণে রোববার (২ আগস্ট) সকাল থেকে নোয়াখালীর সব সিএনজি ফিলিং স্টেশন ও পাম্পে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। গ্যাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন মালিক, চালক ও যাত্রীরা। একই সঙ্গে আবাসিক এলাকাতেও গ্যাসের স্বল্পতায় রান্নাবান্নাসহ নিত্যপ্রয়োজনীয় কাজে দুর্ভোগ বেড়েছে।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের নোয়াখালী কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. শাহ আলম জানান, জাতীয় গ্রিডে হঠাৎ গ্যাস সংকট দেখা দেওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ফেনীর মূল কন্ট্রোল রুম থেকে এ অঞ্চলে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি বলেন, চট্টগ্রাম থেকে সরবরাহ হওয়া গ্যাস বর্তমানে জাতীয় গ্রিডের মাধ্যমে ঢাকা ও আশপাশের এলাকায় পাঠানো হচ্ছে। ফলে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরে গ্যাসের চাপ কমে গেছে। তবে নোয়াখালীর কোম্পানীগঞ্জের সুন্দলপুর, হাবিবপুর ও বেগমগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে উত্তোলিত গ্যাস দিয়ে এসব এলাকার আবাসিক গ্রাহকদের সীমিত চাহিদা পূরণের চেষ্টা চলছে।
এদিকে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ফেনী কার্যালয়ের ব্যবস্থাপক এস এম জাহিদুল ইসলাম বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় গ্যাস সংকট মোকাবিলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে গ্যাস সরবরাহ সীমিত ও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জাতীয় গ্রিডে সরবরাহ স্বাভাবিক হলেই এ অঞ্চলেও ধাপে ধাপে গ্যাস সরবরাহ চালু করা হবে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন