প্রেমের সম্পর্কের পরিণতি হত্যা, ৬ বছর পর মৃত্যুদণ্ড শরিফুলের
ঢাকার আশুলিয়ায় পোশাকশ্রমিক শাহিনা খাতুন হত্যা মামলায় অভিযুক্ত মো. শরিফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ওড়না দিয়ে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার (২ আগস্ট) ঢাকার ৮ম অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক মো. মুনির হোসেন এ রায় ঘোষণা করেন।
রায়ে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অনাদায়ে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার পর শরিফুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
মামলার নথি অনুযায়ী, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহিনা খাতুন আশুলিয়ার জিরাবো এলাকায় ভাড়া বাসায় থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন। একই এলাকায় অন্য একটি গার্মেন্টসে কর্মরত ছিলেন শরিফুল ইসলাম। কর্মস্থলের সূত্রে পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তারা কিছুদিন একসঙ্গে বসবাসও করেন।
তদন্তে উঠে আসে, শরিফুল আগে থেকেই বিবাহিত এবং তার দুই সন্তান রয়েছে। পরে শাহিনা বিয়ের জন্য চাপ দিলে দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ২০২০ সালের ১৯ মার্চ সেই বিরোধের একপর্যায়ে শরিফুল ওড়না দিয়ে শাহিনার গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন।
হত্যার পর মরদেহ একটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘরের ভেতর রেখে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে যান তিনি। কয়েক দিন পর ঘরের সামনে রক্তের দাগ ও তালাবদ্ধ অবস্থায় সন্দেহ হলে প্রতিবেশীরা বাড়ির মালিক ও পুলিশকে খবর দেন। পরে পুলিশ তালা ভেঙে ঘরে প্রবেশ করে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের ভাই আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্তের সময় প্রযুক্তির সহায়তায় শরিফুলকে গ্রেপ্তার করা হয়। পরে তিনি আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
তদন্ত শেষে ২০২০ সালের ৩০ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত আসামিকে মৃত্যুদণ্ডের রায় দেন।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন