মিসরে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
মিসরের পূর্বাঞ্চলের সুয়েজ শহরের কাছে ৫ দশমিক ৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (৩ আগস্ট) ভোররাতে অনুভূত এ ভূমিকম্পের পরপরই দেশজুড়ে জরুরি প্রস্তুতি জোরদার করে কর্তৃপক্ষ। তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি জানায়, ভূমিকম্পের কম্পন রাজধানী কায়রোসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়। এমনকি গাজা সীমান্তসংলগ্ন এল-আরিশ শহরেও কম্পন টের পান স্থানীয় বাসিন্দারা।
মিসরের ন্যাশনাল রিসার্চ ইনস্টিটিউট অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড জিওফিজিকস জানিয়েছে, স্থানীয় সময় রাত ৩টার দিকে সুয়েজ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে। প্রথমে এর মাত্রা ৫.২ বলা হলেও পরে তা সংশোধন করে ৫.৫ নির্ধারণ করা হয়।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) সংশোধিত হিসাবে ভূমিকম্পটির মাত্রা ৫.০ বলে জানিয়েছে।
ভূমিকম্পের পর মিসরের স্বাস্থ্যমন্ত্রী খালেদ আবদেল গাফ্ফার জরুরি সাড়া দেওয়ার পরিকল্পনা সক্রিয় করার নির্দেশ দেন। পাশাপাশি দেশের অ্যাম্বুলেন্স সেবাকে সর্বোচ্চ প্রস্তুতিতে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় ও মিসরীয় রেড ক্রিসেন্ট জানিয়েছে, এখন পর্যন্ত কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে মিসরীয় রেড ক্রিসেন্ট।
বিশেষজ্ঞদের মতে, উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিসরে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা তুলনামূলকভাবে বিরল। দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পটি হয়েছিল ১৯৯২ সালের অক্টোবরে। সে সময় ৫.৮ মাত্রার ভূমিকম্পে রাজধানী কায়রো কেঁপে ওঠে, প্রাণ হারান ৫০০ জনেরও বেশি মানুষ এবং হাজারো মানুষ গৃহহীন হয়ে পড়েন।

আপনার মতামত লিখুন