১৫ টাকায় ৩০ কেজি চাল, সুবিধা পাচ্ছে ৫৫ লাখ পরিবার
নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিতরণ শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রমের মাধ্যমে দেশের ৪৯৫টি উপজেলার প্রায় ৫৫ লাখ কার্ডধারী পরিবার প্রতি মাসে ৩০ কেজি করে চাল পাচ্ছে।
সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকারভোগীরা বছরে মোট ছয় মাস—আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং পরবর্তী বছরের মার্চ ও এপ্রিল মাসে এ সুবিধা ভোগ করবেন। প্রতিটি পরিবার নির্ধারিত সময়ে মাসে ৩০ কেজি করে চাল সংগ্রহ করতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অপুষ্টি দূরীকরণ এবং নারী ও শিশুদের পুষ্টির মান উন্নয়নের লক্ষ্যে দেশের ২৪৮টি উপজেলায় প্রায় ২৫ লাখ ২৯ হাজার উপকারভোগীর মধ্যে পুষ্টিচাল (ফর্টিফায়েড রাইস) বিতরণ করা হচ্ছে। এছাড়া ২৪৭টি উপজেলায় ২৯ লাখ ৭১ হাজার উপকারভোগীর জন্য সাধারণ চাল বিতরণের ব্যবস্থা করা হয়েছে।
এদিকে, সারা দেশে ১ হাজার ১০৮টি ওএমএস (খোলা বাজারে বিক্রয়) কেন্দ্রের মাধ্যমে স্বল্পমূল্যে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে সাশ্রয়ী দামে খাদ্যশস্য কিনতে পারেন।
খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে সরকারি খাদ্য মজুত সন্তোষজনক অবস্থায় রয়েছে এবং তা অতীতের যেকোনো সময়ের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। পাশাপাশি অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমও চলমান রয়েছে।
গত ২ আগস্ট পর্যন্ত সরকারি গুদামে মোট খাদ্যশস্যের মজুত ছিল ২৩ লাখ ৪৯ হাজার ৩৮৫ মেট্রিক টন। এর মধ্যে চাল রয়েছে ১৯ লাখ ৬৬ হাজার ১৪৮ মেট্রিক টন, গম ২ লাখ ৮০ হাজার ১০ মেট্রিক টন এবং ধান (চালে রূপান্তরিত হিসাবে) রয়েছে ১ লাখ ৫২ হাজার ১০৯ মেট্রিক টন।
খাদ্য মন্ত্রণালয়ের ভাষ্য, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, অপুষ্টি কমানো এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে আরও কার্যকর করতে সরকার খাদ্যবান্ধব কর্মসূচি ও ওএমএস কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করে যাচ্ছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন