মাছ ধরার জালে উঠল থানা থেকে লুট হওয়া শটগান
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে উঠে এসেছে থানা থেকে লুট হওয়া একটি শটগান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানার মালখানায় নিয়ে যায়।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর গ্রামের রেজাউল নামে এক ব্যক্তির পুকুরে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য, সকালে জেলেরা পুকুরে জাল ফেললে একপর্যায়ে ভারী একটি বস্তু জালে আটকে যায়। জাল টেনে ওপরে তুলতেই একটি শটগান দেখতে পান তারা। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত আড়াইহাজার থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অস্ত্রটি উদ্ধার করে এবং জব্দ তালিকা প্রস্তুত করে পুলিশি হেফাজতে নেয়।
আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলাম অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করেন, উদ্ধার হওয়া শটগানটি আড়াইহাজার থানা পুলিশের নিজস্ব অস্ত্র। অস্ত্রটির বাঁট নম্বর ৬৫১।
পুলিশ জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কয়েকটি সরকারি অস্ত্র লুট হয়েছিল। উদ্ধার হওয়া শটগানটি সেই সময় লুট হওয়া অস্ত্রগুলোর একটি।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বলেন, উদ্ধার হওয়া শটগানটি থানার লুট হওয়া অস্ত্র হিসেবে শনাক্ত করা হয়েছে। অস্ত্রটি মালখানায় সংরক্ষণ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সাদিয়া পারভিন / অনলাইন ডেস্ক / যোগফল.কম

আপনার মতামত লিখুন